২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও শেখ মুজিব প্রসঙ্গে আঁদ্রে মালরো

সন্দেহ নেই, তিনি একজন খাঁটি মানুষ। তাঁর মধ্যে কোন দুর্নীতি নেই, তবে রাষ্ট্রের মধ্যে রয়েছে আর তাদের সমস্যাগুলোও বেশ বড়।''

রাজু আলাউদ্দিন

Published : 04 May 2013, 04:43 PM

Updated : 15 Dec 2023, 01:37 PM

বিচিত্র ধরণের বইপত্র পাঠের সুবিধা এই যে মাঝেমধ্যে এমন সব অভাবিত এবং অপ্রত্যাশিত জিনিস পাওয়া যায় যার জন্যে কোন মানসিক প্রস্তুতি আমাদের সব সময় থাকে না। আর এই না থাকার কারণে অভাবিত প্রাপ্তি আমাদের অনুভূতির উপর এক আনন্দময় স্পর্শ বুলিয়ে যায়। What I am Doing Here(1990) বইটি পড়ার আগেও কি জানতাম যে ব্রুস চাটউইন-এর এই বইটিতেই রয়েছে বাংলাদেশ এবং শেখ মুজিব সম্পর্কে কৌতূহলোদ্দীপক এক টুকরো মন্তব্য? না, মন্তব্যটি চাটউইনের নয়। চাটউইনের হলেও আমার কৌতুহল তাতে একটুও কম হতো না বটে। তবে যিনি মন্তব্য করেছেন তিনি অনেক আগে থেকেই আমার পরিচিত। শুধু আমারই নয়, বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষের কাছেই, তিনি পরিচিত ব্যক্তিত্ব। তিনি আঁদ্রে মালরো। মালরো বলেই যেন চোখ ও মনযোগ আরও টানটান হলো ঐ মন্তব্যের প্রতি কারণ তিনি ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের এমন একজন ফরাসি সমর্থক যিনি আমেরিকা এবং পশ্চিম পাকিস্তানের শাসকদের তোয়াক্কা না করেই বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে সমর্থন ব্যক্ত করেছিলেন।

মালরোর ব্যক্তিত্ব সম্পর্কে যারা আগে থেকে জানতেন না তাদের কাছে এই ঘটনা অবাক করা মনে হলেও–আমি বলবো–তাঁর পক্ষে এটাই ছিলো স্বাভাবিক। তিনিই তো সেই মালরো যিনি স্পেনে ফ্যাসিষ্ট ফ্রাংকো কর্তৃক গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কায় এবং সেখানকার নিরীহ নারী-পুরুষদের নির্বিচার হত্যায় আলোড়িত হয়ে হিস্পানী প্রজাতন্ত্রীদের পক্ষে যুদ্ধ করেছেন। সুতরাং ১৯৭১ সালে পাকিস্তানিরা যখন নির্বিচারে বাঙালিদের হত্যা করে যাচ্ছিলো, তখন এই সংবাদে তিনি স্থির থাকতে পারবেন না–এটাইতো স্বাভাবিক। সেই সময় তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণাও জানিয়েছিলেন বিবৃতি দিয়ে। মালরোর বয়স তখন ৭০ এর কাছে। ৭০-এ এসে তিনি ৭১-এ আত্মহুতি দিতে চেয়েছিলেন আমাদের স্বাধীনতার পক্ষে। যদিও শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশগ্রহণের প্রয়োজন পড়েনি আর। তবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে মালরো তাঁর ভূমিকা ঠিকই পালন করেছিলেন। সত্যি বলতে কি ভারত যদি আমাদের স্বাধীনতা সংগ্রামে সহায়ক ভূমিকা পালন না করতো তাহলে মালরোকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে সেই সময় আমাদের পাশে পেয়ে যেতাম। এরকমই ছিলো তাঁর পরিকল্পনা যা তিনি রুস চাটউইনকে এক সাক্ষাৎকারে ঘটনার(৭১) বছর তিনেক পরে জানিয়েছেন। এ প্রসঙ্গে চাটউইনকে যা জানিয়েছেন তা সরাসরি অনুবাদে হাজির করার আগে উৎসটি সম্পর্কে দু'একাট কথা বলা প্রয়োজন।

চাটউইনের বইটি আসলে তাঁর ভ্রমণের ফসল। চাটউইনের পাঠক মাত্রই জানেন যে তিনি মূলত ভ্রমণ-ঔপন্যাসিক। এই বইটি তাঁর In Patagonia, On the Black Hill কিংবা Songlines এর মত না হলেও এটাও এক ধরনের ভ্রমণেরই ফসল। তবে অন্য প্রকরণে। ভ্রমণজাত হলেও এটি ঐ ঘরানারই মিশ্র মাধ্যম বলা যেতে পারে। এই মিশ্র মাধ্যমের একটি হচ্ছে বইটির Encounters পর্ব । এই পর্বে তিনি বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ছয় জনের সঙ্গে তাঁর সাক্ষাতের বিবরণ তুলে ধরেছেন। এঁদের মধ্যে মালরো একজন। মালরোর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিলো ৭৪ সালে অর্থাৎ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে আমাদের স্বাধীন দেশটি ঘুরে যাওয়ার প্রায় এক বছর পর। ফলে বাংলাদেশ সম্পর্কে তাঁর স্মৃতি ও আবেগ, তখনো সজীব। সাক্ষাৎকারের এক পর্যায়ে ব্রুস জানাচ্ছেন যে বছর দুয়েক আগে মালরোর সাথে সাক্ষাৎপ্রার্থীরা যখন ভেররিয়ের-এ আসতেন তখন তাঁকে পূর্ব বাংলার মানচিত্রের প্রতি নিবিষ্ট অবস্থায় দেখে তারা বেশ অবাক হতেন। এ প্রসঙ্গে চাটউইনের কৌতুহলের জবাবে মালরো জানানঃ

"ভারত যদি ঘটনায় প্রবেশ না করতো, আমি হয়তো গুরুতর কিছু করে ফেলতাম। প্রায় ৬শ' অফিসার আমি বাংলায় (Bengal) নিয়ে যেতে চেয়েছিলাম। ফ্রান্সে যে কোন সংখ্যক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পা্ওয়া যায়, যারা তেমন তরুণ নয়, তবে খুব বৃদ্ধও নয়। এবং তারা একেবারে একঘেঁয়ে জীবনে বিরক্ত আর বেরিয়ে পরার জন্য পুরোপুরি প্রস্তুত। ক্যাপ্টেন পদমর্যাদার উপরে ৬শ' কর্মকর্তা নিয়ে একটি অফিসার ট্রেনিং স্কুল করে দুই হাজার বাঙালি অফিসার তৈরি করে ফেলতে পারতাম ৬ মাসের মধ্যে। তাদের সব অফিসাররাই তো ছিলো পাকিস্তানি, সেক্ষেত্রে আমরা একটা বড় কাজ করে ফেলতে পারতাম।

মুজিবুর রহমানকে কেমন দেখলেন? 'ইউরোপিয়রা তাঁকে নেহেরু বা গান্ধীর মত ভেবে ভুল করেন… মুজিবের মোহিত করার ক্ষমতা রয়েছে। তিনি যখন দেশে ঘুরে বেড়ান, তখন তিনি মনে করেন যে সবকিছু চমৎকার আছে কারণ সবখানেই তারা তাঁকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানায়। আবেগময় পরিবেশ তিনি তৈরি করতে পারেন। বাংলাদেশ জয়ী হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার নিশ্চয়তা অতটা নেই। সন্দেহ নেই, তিনি একজন খাঁটি মানুষ। তাঁর মধ্যে কোন দুর্নীতি নেই, তবে রাষ্ট্রের মধ্যে রয়েছে আর তাদের সমস্যাগুলোও বেশ বড়।''

এরপর বাংলাদেশ ও শেখ মুজিব প্রসঙ্গে আর উক্তি নেই। মনে মনে খুব আফসোস হচ্ছিলো এই ভেবে যে চাটউইন কেন আরও কিছু প্রশ্ন করলেন না এনিয়ে। কিংবা মালরো কেন আরও কিছু বললেন না।