২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজন সাংস্কৃতিক উদ্বাস্তুর কার্নিভাল: মলয় রায়চৌধুরীর সাহিত্য

মলয়ের লেখার ধরন, সিনট্যাক্স অনেক পাল্টালেও যে মূল চালিকাশক্তি ‘ক্ষুধা’ তাঁকে সাহিত্যের কাছে নিয়ে এসেছিল, সেই মূল রাজনীতি থেকে তিনি জীবনের শেষ পর্বেও বিচ্যুত হন নি।

অভিষেক ঝা অভিষেক ঝা

Published : 27 Oct 2023, 08:10 PM

Updated : 27 Oct 2023, 08:14 PM

মলয় রায়চৌধুরী ( জন্ম ২৯শে অক্টোবর, ১৯৩৯ -- মৃত্যু ২৬শে অক্টোবর, ২০২৩) বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ বহুপ্রজ লেখক। কবিতা, উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ সব কয়টি ধারাই তিনি সুদীর্ঘকাল ধরে চর্চা করেছেন। তাঁর নামের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জুড়ে থাকা ‘হাংরিয়ালিস্ট’, সংক্ষেপে ‘হাংরি’ তকমা তাঁকে বহু পাঠকের কাছে পরিচিত করালেও মলয় রায়চৌধুরীর লেখা শুধুমাত্র ‘হাংরি’ বৃত্তকে ঘিরে ঘুরপাক খায়নি। তাঁর লেখকজীবনের সুদীর্ঘ যাত্রাপথটি বহু ভাঙচুরের শেষে মলয় রায়চৌধুরীর নিজস্ব অর্জন, কোনো সাহিত্য আন্দোলনের ফলাফল নয়। তাঁর সাহিত্যপথের যাত্রাটি বিশ্লেষণ করলে বোঝা যায় কেন মলয় রায়চৌধুরী আধুনিকোত্তর পৃথিবীর এক বহুআঁশলা, স্থানাঙ্কহীন, ঐতিহ্যের সঙ্গে খাপ খাওয়াতে না পারা শিকড়হীন এক লেখক হবেন। এই যাত্রাপথটি দেখায় মলয়ের লেখার শক্তি শিকড়ে নেই, রয়েছে তাঁর লেখার মৌলকাণ্ড বা রাইজোমে। মলয় রায়চৌধুরীর লেখা রাইজোম্যাটিক।

 কলকাতার সুপরিচিত সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সন্তান মলয়ের জন্ম বিহারের পাটনায়। বাবা রঞ্জিত রায় পেশাদার ফোটোগ্রাফার, মা অমিতা দেবী ছিলেন ফোর্ট উইলামীয় বঙ্গীয় নবজাগরণের সুবিধাপ্রাপ্ত বাড়ির সন্তান। প্রথমে মলয়কে ভর্তি করা হয় বাড়ির কাছের এক ক্যাথলিক ইস্কুলে। তারপর পাঠানো হয় রামমোহন রায় ওরিয়েন্টাল সেমিনারি ইস্কুলে। এই ইস্কুলটি ব্রাহ্ম সমাজের দ্বারা পরিচালিত হতো। এমন তথাকথিত অভিজাত পারিবারের সন্তান এবং তথাকথিত অভিজাত ইস্কুলে পড়াশোনা করা সত্ত্বেও মলয়ের বড় হয়ে ওঠা আর পাঁচটা নবজাগরণীয় বর্ণহিন্দুর মতো একঘেয়ে একমাত্রিক হয়ে ওঠেনি। এর পেছনে দুইটি কারণ রয়েছে। মলয়ের বাবার রোজগার তেমন না থাকায়, শ্রেণিগত ভাবে ‘অভিজাত’ পাড়ায় ছোটোবেলা কাটেনি তাঁর। পাটনার ইমলিটোলার বাখরগঞ্জ বস্তিতে থাকতে বাধ্য হওয়ায় মলয়ের ছোটোবেলা দোআঁশলা হতে শুরু করে। একদিকে হিন্দু দলিত, আরেকদিকে দরিয়াপুর মহল্লার শিয়া মুসলমানদের সঙ্গে অবাধ মেলামেশা মলয় (সাবর্ণ)  রায় চৌধুরীকে মলয় রায়চৌধুরী হয়ে ওঠার দিকে অনেকখানিই এগিয়ে দেয়। মলয়ের আত্মজীবনীর প্রথম খন্ড “ছোটোলোকের ছোটোবেলা”তে এই দোআঁশলা জীবনকে বারবার উদযাপন করা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে আধুনিক ইউরোপীয় শিক্ষা, পারিবারিক সূত্রে ফোর্ট উইলিয়ামীয় বঙ্গীয় নবজাগরণের অংশীদার এবং  তথাকথিত নিচুতলার আমোদগেঁড়ে উত্তর ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিত্য সহবাস মলয়ের সেই মনন তৈরি করে দেয় যার প্রকাশ হওয়া, বলা ভালো, বিস্ফোরণসম প্রকাশ হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

  মলয় রায়চৌধুরী যখন বাংলা ভাষায় লিখতে এলেন তিনি তার অভিব্যক্তির উপযুক্ত আধারই খুঁজে পাচ্ছিলেন না।  বাংলা কবিতা শুদ্ধতায় স্বস্তি বোধ করায়, অস্বস্তিকর, অস্থির  দোআঁশলা সাংস্কৃতিক পরিসরই ছিল না। অথচ স্বাধীনতার পরের পশ্চিমবঙ্গ একেবারে ওলোটপালট হয়ে যাওয়া অস্বস্তিকর এক পরিসর। লম্বাটে ঢ্যাঙা মানচিত্র জুড়ে ঢেঊয়ের পর ঢেউ তুলে উদ্বাস্তুরা আসছেন তাদের বহুবিধ ডায়ালেক্ট, সংস্কৃতি এবং অন্তহীন হতাশা নিয়ে। বাংলার মানভূমের মতো একটা বড় অংশ বিহারে জুড়ে গেছে। বিহার ও ইউ পি জুড়ে যে দেড় দুই শতাব্দীব্যাপী যে বাঙালি যাপন ছিল তাতে ভাঁটা এসেছে। এই পশ্চিমবঙ্গ জুড়ে কেবল অভাব--- খাদ্য, বাসস্থান সবকিছু ঘিরেই। সুতরাং এই পশ্চিমবঙ্গের লিখন রাজনীতি ক্ষুধাকে ঘিরে গড়ে ওঠাই ছিল সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। মলয় রায়চৌধুরী, হারাধন ধাড়া ওরফে দেবী রায়, শৈলেশ্বর ঘোষ এরা পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যকে নতুনভাবে নির্মাণ করার জন্যই ‘হাংরি’ আন্দোলন শুরু করেন। ১৯৬১ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে “হাংরি জেনারেশন” নামে যে ইস্তেহারটি প্রকাশিত হয় তাতে ছাপা হয়েছিল: “ স্রষ্টাঃ মলয় রায়চৌধুরী, নেতাঃ শক্তি চট্টোপাধায়, সম্পাদকঃ দেবী রায়” । কবিতাকে ঘিরে মলয়ের ভাবনা স্পষ্ট হয়ে ওঠে ইস্তেহারটিতে। ইস্তেহারটির কিছু অংশ পড়লেই সেই ভাবনার আভাস পাওয়া যায়: “ কবিতা এখন জীবনের বৈপরীত্যে আত্মস্থ। সে আর জীবনের সামঞ্জস্যকারক নয়, অতিপ্রজ অন্ধ বল্মীক নয়, নিরলস যুক্তিগ্রন্থন নয়। এখন, এই সময়ে অনিবার্য গভীরতার সন্ত্রস্তদৃক ক্ষুধায় মানবিক প্রয়োজন শেষ। এখন প্রয়োজন অনর্থ বের করা, প্রয়োজন মেরুবিপর্যয়, প্রয়োজন নৈরাত্মসিদ্ধি। প্রাগুক্ত ক্ষুধা কেবল পৃথিবী বিরোধিতার নয়, তা মানসিক, দৈহিক, এবং শারীরিক। এ-ক্ষুধার একমাত্র লালনকর্তা কবিতা…বিক্ষুব্ধ প্রবল চঞ্চল অন্তরাত্মার ও বহিরাত্মার ক্ষুধা নিবৃত্তির শক্তি না থাকলে কবিতা সতীর মতো চরিত্রহীনা, প্রিয়তমার মতো যোনিহীনা, ঈশ্বরীর মতো অনুন্মেষিণী হয়ে যেতে পারে।”  এই ভাবনার সবচেয়ে উজ্জ্বল ও বহু আলোচিত কবিতাটি হল ‘হাংরি জেনারেশন বুলেটিনে’ ১৯৬৪ সালের আগস্ট সংখ্যায় প্রকাশিত  নব্বই লাইনের “প্রচন্ড বৈদ্যুতিক ছুতার”। একজন যুবকের হতাশা, আর্তি, ক্লেদ, যন্ত্রণা, অস্তিত্বের সংকট কবিতাটিতে বোনা হয় যৌনতার ভাষ্যে। ফোর্ট উইলিয়ামীয় ভিক্টোরিয়ান সংস্কৃতিতে পুষ্ট বাংলা ভাষার তথাকথিত মূলধারার কবিতার পাঠক এই কবিতার গুরুত্ব বুঝতে প্রাথমিকভাবে অপারগ হয়। এই কবিতাটি প্রকাশিত হওয়ার পর মলয় রায়চৌধুরীসহ হাংরি আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা হয়। মলয় রায়চৌধুরীসহ অনান্যদের গ্রেপ্তারও করা হয়। ১৯৬৭ সালের ২৬ শে জুলাই  মামলাটি উচ্চ আদালতে নাকচ হয় এবং মলয় রায়চৌধুরী ছাড়া পান। এই মামলা প্রাথমিক ভাবে মলয় রায়চৌধুরী সহ ‘হাংরি আন্দোলন’কে পরিচিতি এনে দিলেও এর ফলাফল স্পষ্ট হয়ে ওঠে খুব দ্রুত ‘হাংরি আন্দোলনের’ অবলুপ্তির মাধ্যমে। ১৯৬৭ সালের ২৭ শে জুলাই থেকে মলয় রায়চৌধুরী দীর্ঘ দেড় দশক অন্তরালে চলে যান।

 গত শতাব্দীর আটের দশকের মাঝামাঝি থেকে বাংলা ভাষার পরিসরে আবার ফিরে এলেন যে মলয় রায়চৌধুরী তিনি যেন সম্পূর্ণ ভিন্ন এক লেখক। এই পর্যায়ে তিনি অনুবাদ করেছেন গিন্সবার্গের “হাউল” ও ‘ক্যাডিশ”, ব্লেকের “ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল”, ত্রিস্তান জারার “ ডাডা কবিতাগুচ্ছ”, জাঁ ককতোর “ক্রুসিফিকেশন” , জাঁ আর্তুর র‍্যাঁবো, বদল্যার এবং আরো বহুজনকে। মুম্বইয়ে কর্মসূত্রে থাকার ফলে নিয়মিত কথা বলছেন নিসিম এজিকেলের সঙ্গে এবং উত্তর আধুনিক তাত্ত্বিক পড়াশুনার পরিধি ক্রমশ বাড়িয়ে চলেছেন। এইসব কিছুর খুব সরাসরি প্রভাব পড়লো তাঁর এই পর্বের কবিতায়। অর্থাৎ এই প্রৌঢ় এবং কালক্রমে বয়সের দিক দিয়ে বৃদ্ধটিও ঠিক ‘বাঙালিয়ানা’র খাপে খাপ খেলেন না, অথচ বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেলেন।  “ মেধার বাতানুকূল ঘুঙুর”, “চিৎকার সমগ্র”, “ছত্রখান” ইত্যাদি কাব্যগ্রন্থে একটা অদ্ভুত কসমোপলিটান মিশেল পাওয়া যায় যেখানে বাংলা শব্দ অনায়াসে বসে যাচ্ছে কোনো ইউরোপীয় সিনট্যাক্সে। তাঁর এই পর্বের কবিতায় আপাতভাবে জটিলতা প্রায় অনুপস্থিত। নখ কাটা নিয়ে কবিতা লিখে ফেলছেন, লিখে ফেলছেন বৃদ্ধ বয়সে পিঠে সাবান মাখানোর প্রয়োজনীয়তা হিসাবে বউয়ের ভূমিকা। এই মলয় চিৎকার নয়, স্যাবোটাজ করতে অনেক বেশি পছন্দ করেন ও সুচারুভাবে তা করেছেন। আর কবিতায় এই আপাত সারল্যের ভাণ করতে তাকে সাহায্য করেছিল তাঁর গদ্য।

 “ডুবজলে যেটুকু প্রশ্বাস” থেকে শুরু করে “নখদন্ত”, “ অরূপ তোমার এঁটোকাটা”, “নামগন্ধ” ইত্যাদি উপন্যাস জুড়ে যে বিষয় বৈচিত্র্যে অনায়াসে ঘোরাফেরা করেছেন মলয় তা বিস্ময়কর। মধ্যবিত্তের জীবনকেন্দ্রিক গদ্য সাহিত্যের পরিসরে একজন কবি উপন্যাসের বিষয় হিসাবে বেছে নিচ্ছেন কখনো পাটশিল্পকে ঘিরে চাপানউতোর, কখনো আলু চাষ ও কোল্ড স্টোরেজের রাজনীতির বয়ান, কখনো পশ্চিমবঙ্গীয় মার্ক্সিস্ট-লেনিনিস্টদের দোগলাপনা। দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথকে সমালোচনা করে উপন্যাসের মূল চরিত্র হিসাবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে “হৃৎপিণ্ডের সমুদ্রযাত্রা”য়  শুধু বেছেই নিচ্ছেন না, অনায়াসে এই বয়ান প্রতিষ্ঠা করছেন যে বাণিজ্যের জন্য ‘সততা’ কোনো মানবিক গুণ হিসাবে বিবেচিত হতে পারে না। মলয়ের উপন্যাসের বাকি চরিত্ররাও এই বয়ানেরই ফসল। “ডুবজলে…”র মানসী বর্মনই হোক, “নামগন্ধ”-এর খুশিরাণী মণ্ডল কিংবা “ঔরস”-এর ইতু কেউই সামাজিক খাপে খাপ খায় না। মলয় আখ্যানে কতখানি গভীর ও বিপজ্জনক ছিলেন তা একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। “ডুবজলে…” মানসী বর্মণ তার বুকের অতিরিক্ত দুধ বের করে বাটিতে করে টেবিলের নিচে রেখে দেয়। অতনু চক্রবর্তী মানসীর সঙ্গে দেখা করতে এসে হুট করে সেই বাটিতে রাখা দুধ খেয়ে নেয়। আপাতভাবে খুবই অ্যাবসার্ড এই ঘটনার কারণ পরম্পরা বিশ্লেষণ করলে আমরা দেখি আইজলে কাজ করতে যাওয়া অতনু দুই মিজো সৎ বোন জুলি ও জুডির সঙ্গে যৌন সম্পর্কে রয়েছে। অতনুর মা সম্প্রতি মারা গেছেন। অতনু বেশ বিষাদে রয়েছে, দুই বোনের সঙ্গে যৌনতাও তাকে বিষাদমুক্ত করতে পারছে না। এই অবস্থায় বাটিতে রাখা মানসী বর্মণের বুকের দুধ কি তাকে মায়ের সারোগেসির স্বাদ দিচ্ছে? যৌনতার এই পরত সরিয়ে চরিত্রগুলির পদবীর দিকে তাকালে বোঝা যায় মলয় ভারতের রাজনীতি কতটা ভালো বুঝতেন। বর্ণহিন্দু অতনু দুই উপজাতি কন্যাকে ভোগ করলেও বিষাদমুক্ত হতে পারে না কারণ সে মিজোরামকে ভোগ্য ছাড়া অবচেতনে আর কিছু ভাবতে পারে না। ভারতের উত্তর-পূর্ব প্রান্তে যার বুকের দুধে সে মা’কে খুঁজতে চায় সে উপজাতি ও দলিতের মাঝামাঝি এক অস্তিত্ব পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে। কতখানি জটিল হতে পারে ভারতীয় আইডেন্টির খিদে তা মলয় দেখিয়ে চলেন।  মলয়ের লেখার ধরন, সিনট্যাক্স অনেক পাল্টালেও যে মূল চালিকাশক্তি ‘ক্ষুধা’ তাঁকে সাহিত্যের কাছে নিয়ে এসেছিল, সেই মূল রাজনীতি থেকে তিনি জীবনের শেষ পর্বেও বিচ্যুত হন নি। এখানেই মলয় রায়চৌধুরীর হার না মানা জেদ জিতে যায়।