২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির দুর্গম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি

লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

খাগড়াছড়ি সংসদীয় আসনের ‘ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন চার সংসদ সদস্য পদপ্রার্থী। 

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। 

লিখিত বক্তব্য তিনি বলেন, খাগড়াছড়ি আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ‘ঝুঁকিপূর্ণ’ ও ৬৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ (রেড মার্ক) হিসেবে চিহ্নিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাঠপর্যায়ের তথ্যে উঠে আসা এই উদ্বেগজনক বাস্তবতা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। 

“এরই মধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এমনকি কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাও পরিলক্ষিত হয়েছে। অনেক প্রার্থী কর্মীদের ওই সব এলাকায় প্রচারে যেতে নিষেধ করেছে। বর্তমানে জনমনে গভীর সংশয় ও উদ্বেগ বিরাজ করছে।”

তিনি বলেন, “পাহাড়ে দীর্ঘ সময় যাবত সশস্ত্র সংগঠনগুলো অস্ত্রের মুখে কেন্দ্র দখল ও ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট আদায় করে আসছে। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে ‘ডামি নির্বাচন’ সম্পন্ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেছিল। 

“জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়েও একটি মহল আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীল-নকশা বাস্তবায়নে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু শান্তিপ্রিয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী, সেনাবাহিনী ও প্রশাসনের সুসমন্বিত প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। ফলে তারা এখন নির্বাচনের দিনটিকে অস্থিতিশীল করার নতুন ছক আঁকছে।”

ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, পাহাড়ের এসব সশস্ত্র সংগঠনের অবৈধ অস্ত্র এবারের নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। এরই মধ্যে কতিপয় প্রার্থী এই সশস্ত্র সংগঠনের সহায়তায় নির্বাচনি বৈতরণী পার হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।

এরই মধ্যে এই বিষয়গুলো লিখিতভাবে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, স্থানীয় সেনাবাহিনী ও বিজিবি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

ভোটের অন্তত তিন দিন আগে থেকে দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

ওয়াদুদ ভুইয়া দাবি জানান, এ ছাড়া চিহ্নিত ‘ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন নিশ্চিত করার পাশাপাশি দুর্গম এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি করতে হবে। নির্বাচনের আগের রাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। হেডম্যান, কারবারি, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য-ব্যক্তিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি করতে হবে। 

এ সময় গণঅধিকার পরিষদের প্রার্থী দিনময় রোজায়া, ইনসানিয়্যাত বিপ্লবের নুর হোসেন ও জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টু।