২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কত জরিপ-গল্পগুজব, মানুষ কিন্তু ঠিক সিদ্ধান্তই নিয়েছে: মঈন খান

পলাশ উপজেলার চরনগরদীতে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 11:56 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে কখনও ভুল করে না সেটি এই নির্বাচনে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, “এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কতকিছু বলা হয়েছিল। অনেক জরিপ হয়েছে, এই হবে সেই হবে, কত গল্প-গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। দেশের মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে।”

নরসিংদী-২ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য শুক্রবার দুপুরে পলাশ উপজেলার চরনগরদীতে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রত্যেকবার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজনীতিবিদরা যখন ভুল করেছি, অর্থনীতিবিদরা যখন ভুল করেছি, আমাদের বুদ্ধিজীবীরা যখন ভুল করেছে, শিক্ষক সমাজ যখন ভুল করেছে, এলিট শ্রেণি যখন ভুল করেছে তখন বাংলাদেশের আপামর মানুষ ভুল করেনি।”