২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘গেম অব থ্রোনসের’ আদলে জামায়াত আমিরের ব্যানার

নির্বাচনি প্রচারে দলের প্রধানের চট্টগ্রাম সফরের দিন কয়েক আগে নগরীর কয়েকটি মোড়ে এ ব্যানার দেখা যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 11:51 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর আদলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার দেখা গেছে চট্টগ্রাম নগরীর কয়েকটি মোড়ে।

সোমবার রাতে চট্টগ্রাম নগরীতে নির্বাচনি জনসভা করতে আসেন জামায়াতের আমির। এ সমাবেশের দিন কয়েক আগে নগরীর চকবাজার ও বড়পোল মোড়ে ‘গেম অব থ্রোনস’ এর আদলে ‘উইন্টার ইজ কামিং’ লেখা এ ব্যানার দেখা যায়।

এতে ‘গেম অব থ্রোনস’ এর মূল চরিত্র জন স্নোর স্থলে জামায়াতের আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। 

ব্যানারের উপরে ‘উইন্টার ইজ কামিং’ লেখা। ভেতরে শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। তার হাতে ধরা আছে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’। পেছনে তুষারপাতের দৃশ্যপট। পাশে একটি সাদা নেকড়ে।

ব্যানারে কার্টেসি দিয়ে লেখা আছে- ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

এ ব্যানারের বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, “এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের দলের পক্ষ থেকে ওরকম কোনো ব্যানার লাগানোর কথা না। আমাদের ব্যানারে সংগঠনের নাম থাকে।”

ব্যানারের কার্টেসিতে নাম থাকা ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ নামে একটি ফেইসবুক পেইজ পাওয়া যায়। ওই পেইজে নগরীর চকবাজার মোড়ে পুলিশ বক্সের পাশে লাগানো একটি ব্যানারের ছবিও দেখতে পাওয়া যায়। ব্যানারের নিচের অংশে লেখা ‘সেকেন্ড ফেব্রুয়ারি অ্যাট বন্দর স্কুল গ্রাউন্ড’। পেইজটি খোলা হয়েছে রোববার। 

ওই ফেইসবুক পেইজে ‘গেম অব থ্রোনস’ এর আদলে তৈরি আরো কয়েকটি ছবি পাওয়া যায়। যার মধ্যে একটিতে লেখা- ‘আওয়ার দাদু ইজ দ্যা নেক্সট পিএম’।

‘গেম অব থ্রোনস’ সিরিজে দেখানো হয় আটটি প্রধান হাউজ বা পরিবারকে কেন্দ্র করে ক্ষমতার লড়াই। এই আট পরিবারের একটি স্টার্ক পরিবার। সিরিজে তাদের মূলমন্ত্র ছিল ‘উইন্টার ইজ কামিং’। 

নির্বাচনি প্রচারে জামায়াত আমির সোমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে আসেন। কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল ও কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি।