শেষ মুহূর্তে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার অপসারণ দাবি বিএনপি প্রার্থীর
নাছির উদ্দিন চৌধুরী দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তা তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।
পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার অপসারণ দাবি করেছেন বিএনপির এক প্রার্থী।
সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী নির্বাচনের কমিশনের কাছে লিখিত অভিযোগে দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তা তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।
ভোটের তিন দিন আগে সোমবার দুই পৃষ্টার অভিযোগপত্রে নাসির উদ্দিন চৌধুরী দাবি করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াকে এরই মধ্যে দুইবার বদলি করা হলেও অ্যাডভোকেট শিশির মনিরের তদবিরে বদলি ঠেকানো হয়েছে।
অতীতে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় এবং শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ ছিলেন- এমন দাবি করে তিনি বলেন, “ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীকে রাখা হয়নি, জেলা কাবিটা কমিটিতেও বিএনপি নেতাকর্মীদের রাখা হয়নি। পাউবোর এসব কমিটিতে জামায়াত প্রার্থীর লোকদের রাখা হয়েছে।”
তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগেও জামায়াত প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে।”
জেলা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সুনামগঞ্জ-৩ আসনের একজন প্রার্থী পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছিলেন বলেও দাবি করেন নাছির উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “জেলা রিটার্নিং কর্মকর্তা এখন জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ১২ ফেব্রুয়ারি এই কর্মকর্তার কারণে বিএনপি প্রার্থী হিসেবে ক্ষতিগ্রস্ত হলে এর দায় প্রধান নির্বাচন কমিশনারকে নিতে হবে।”
ইসির কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেন, “রিটার্নিং কর্মকর্তা পদে পদে আমার প্রতিপক্ষের প্রতি পক্ষপাতিত্ব করছেন। তার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ আশঙ্কা থেকেই আমি ইসিতে লিখিত অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
