পাঠানোর ১০০ বছর পর এল চিঠি
চিঠিটি ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে পাঠানো হয়।
একশ বছরের বেশি সময় আগে পাঠানো একটি চিঠি পেয়েছেন যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের ক্রিস্টাল প্যালেসের এক বাসিন্দা।
বিবিসি জানায়, ক্রিস্টাল প্যালেসের হ্যামলেট রোডের বাসিন্দা ফিনলে গ্লেন ২০২১ সালে চিঠিটি পেলেও বুধবার তিনি তা প্রকাশ্যে আনেন।
১৯১৬ সালের ফেব্রুয়ারিতে পাঠানো চিঠিটির খামে যুক্তরাজ্যের বাথ শহরের পোস্টমার্ক ও রাজা পঞ্চম জর্জের ছবি সম্বলিত এক পেন্সের স্ট্যাম্প রয়েছে।
গ্লেন বলেন, “১০০ বছর ধরে এটা কীভাবে ছিল, কোথায় ছিল- তা ভেবে আমরা বেশ অবাকই হয়েছিলাম।”
তবে এটা কীভাবে ফিনলে গ্লেনের কাছে এল, এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি রয়্যাল মেইল।
বিবিসি বলছে, চিঠিটি পাঠানো হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। তখন সিংহাসনে রাজা পঞ্চম জর্জ।
দেশটির স্থানীয় ত্রৈমাসিক ইতিহাস পত্রিকা ‘নরউড রিভিউ’ এর সম্পাদক স্টিভেন অক্সফোর্ড বলেন, চিঠিটি তৎকালীন প্রসিদ্ধ স্ট্যাম্প ব্যবসায়ী অসওয়াল্ড মার্শের স্ত্রীর উদ্দেশে লেখা, যা শুরু হয়েশে ‘প্রিয় কেটি’ সম্বোধন দিয়ে।
“স্ট্যাম্প ব্যবসায়ী হিসেবে মার্শের তখন এতই সুনাম ছিল যে স্ট্যাম্প জালিয়াতির মত কোনো পরিস্থিতির আঁচ পেলে তাকে ডাকা হত যাচাই করার জন্য।”
স্থানীয় আরেক ধনী চা ব্যবসায়ী হেনরি টিউক মেনেলের মেয়ে ক্রিস্টাবেল মেনেল বাথ শহরে ছুটিতে থাকার সময় পারিবারিক বন্ধু মার্শের স্ত্রীর উদ্দেশে চিঠিটি পাঠান। মেনেল লেখেন, বাথ শহরের প্রচণ্ড ঠাণ্ডায় তাদের কষ্ট পেতে হচ্ছে।
স্টিভেন অক্সফোর্ড বলেন, এতদিন পর চিঠি যাওয়ার বিষয়টি অস্বাভাবিক হলেও নরউডের বাসিন্দাদের জন্য বেশ উত্তেজনার খোরাক যোগাচ্ছে।
যুক্তরাজ্যের পোস্টাল সার্ভিসেস অ্যাক্ট ২০০০ অনুযায়ী, অন্যের চিঠি খুলে পড়া দণ্ডনীয় অপরাধ হলেও গ্লেন চিঠিটি পড়েছেন বলে জানান।
তিনি প্রথমে ভেবেছিলেন ওটা ২০১৬ সালের চিঠি। তাই তিনি শুরুতে পড়েননি। কিন্তু পরে যখন বুঝতে পারেন যে সেটা ১৯১৬ সালে পাঠানো একটি চিঠি, তখন চিঠিটি খুলে পড়াই যৌক্তিক মনে করেন।
২৭ বছর বয়সী এই নাট্যকর্মী বলেন, এটা যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে ক্ষমা চাওয়া ছাড়া তার আর কিছু করার নেই।
চিঠির মূল প্রেরক বা প্রাপকের পক্ষের কেউ যোগাযোগ করলে কী করবেন জানতে চাইলে গ্লেন বলেন, এটি তাদের পারিবারিক ইতিহাসের এক অদ্ভূদ বিষয় উন্মোচিত করেছে। কেউ চাইলে এটা নিয়ে যেতে পারে।
রয়্যাল মেইলের মুখপাত্র বলেন, কেন চিঠি পৌঁছাতে এত দেরি হল, সেটা তারা অঁচ করতে পারছেন না।
