২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক থেকে আজভস্তালের কমান্ডারদের নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি

একে বন্দি বিনিময় চুক্তির বরখেলাপ বলছে মস্কো।

তুরস্ক থেকে আজভস্তালের কমান্ডারদের নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি

বিমানের ভেতর আজভস্তালের ৫ কমান্ডারের সঙ্গে কথা বলছেন জেলেনস্কি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 01:50 PM

Updated : 09 Jul 2023, 01:50 PM

তুরস্কে গিয়ে সেখানে বন্দি থাকা ইউক্রেইনের ৫ কমান্ডারকে নিয়ে দেশে ফিরেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছর হওয়া এক বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই কমান্ডারদের তুরস্কে রাখার কথা ছিল। কিন্তু সেটা না মেনে আঙ্কারা কোনো কিছু না জানিয়েই জেলনস্কির হাতে এ ৫ জনকে তুলে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো।

তারা একে চুক্তির বরখেলাপ অভিহিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনে রাশিয়ার সেনা পাঠানোর ৫০০তম দিনে এ কমান্ডারদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি স্নেক আইল্যান্ডও ভ্রমণ করেছেন জেলেনস্কি। যুদ্ধের শুরুর দিকে ছোট এই দ্বীপটি রাশিয়া তাদের নিয়ন্ত্রণে নিলেও পরে ছেড়ে দেয়।

জেলেনস্কি যে ৫ কমান্ডারকে তুরস্ক থেকে ইউক্রেইনে ফেরত নিয়ে গেছেন, এই কমান্ডাররা মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় রাশিয়ার সঙ্গে তিন মাসের মরণপণ যুদ্ধে ইউক্রেইনকে নেতৃত্ব দিয়েছিল।

“আমরা তুরস্ক থেকে দেশে ফিরছি, আমাদের হিরোদেরও দেশে নিয়ে আসছি,” বলেন জেলেনস্কি। ইউক্রেইনের এই প্রেসিডেন্ট তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে শুক্রবার ইস্তাম্বুল গিয়েছিলেন।

গত বছরের মে মাসে আজভস্তালের যোদ্ধারা রাশিয়ার কাছে আত্মসমর্পন করেছিল।

পরে আঙ্কারার মধ্যস্থতায় এক বন্দি বিনিময় চুক্তিতে সেপ্টেম্বরে মস্কো যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কমান্ডারদের তুরস্কে রাখার শর্তে মারিওপোলের ওই আটক যোদ্ধাদের কয়েকজনকে ছেড়ে দেয়।

কিন্তু আঙ্কারা শেষ পর্যন্ত ওই কমান্ডারদেরকেও ইউক্রেইনের হাতে তুলে দিল।

“কেউ আমাদেরকে এ বিষয়ে কিছু জানায়নি। চুক্তি অনুযায়ী, ওই পালের গোদাদের সংঘাত শেষ না হওয়া পর্যন্ত তুরস্কের ভূখণ্ডে রাখার কথা ছিল,” রুশ বার্তা সংস্থা রিয়াকে এমনটাই বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ বলেছেন, কয়েকদিন পর হতে যাওয়া নেটো সম্মেলনের আগে পশ্চিমা মিত্রদের তুমুল চাপের মুখে তুরস্ক এ কমান্ডারদের ছেড়ে দিয়েছে বলে ধারণা তার। এবারের নেটো সম্মেলনে কিইভ ভবিষ্যতে জোটটির সদস্য হতে পারবে এমন নিশ্চয়তা প্রত্যাশা করছে।

তুরস্ক নেটোর সদস্য, তবে ইউক্রেইনে রাশিয়া সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র এবং নেটোর অন্য সদস্যরা যেভাবে খোলাখুলি মস্কোর বিরুদ্ধে লেগেছে, আঙ্কারা তা করেনি।

এই মুহূর্তে কেন ওই কমান্ডারদেরকে ইউক্রেইনে ফিরিয়ে নেওয়া হল জেলেনস্কির মন্তব্যে সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে রয়টার্স মন্তব্য চাইলেও তুরস্কের যোগাযোগ অধিদপ্তর তাতে সাড়া দেয়নি।