২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন ডিসিতে কিউবার দূতাবাসে ‘ককটেল হামলা’

এতে কেউ আঘাত পাননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 10:52 AM

Updated : 14 Jan 2024, 10:51 AM

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কিউবা দূতাবাসে ককটেল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে মন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, স্থানীয় সময় রোববার রাতে দূতাবাস লক্ষ্য করে দুটি মলোটোভ ককটেল নিক্ষেপ করে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা, তবে এতে কেউ আঘাত পাননি। 

নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগদান শেষে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টা পর হামলার এ ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর ২০১৫ সালে এই দূতাবাস ফের চালু হয়। ১৯৬১ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল।

এর আগে ২০২০ সালে আরেকটি হামলার ঘটনায় দূতাবাস ভবন লক্ষ্য করে রাইফেলের গুলি ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন রদ্রিগেজ।

‌‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সোমবার বলেছেন, ওই হামলার তীব্র নিন্দা করছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে তিনি বলেন, “তদন্ত নিশ্চিত করার জন্য, আর সেই সঙ্গে ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কিউবা দূতাবাসের কর্মকর্তাদের এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, ভবনটিতে আগুন লাগেনি বা উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি, তদন্ত চলমান থাকলেও এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সংবাদসূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)