ইরানের কারাবন্দি নার্গিসের পক্ষে নোবেল পুরস্কার নিলেন সন্তানরা
নরওয়ের অসলোতে এক অনুষ্ঠানে মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীর দুই যমজ সন্তানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীর পক্ষে তার দুই যমজ সন্তানের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। নরওয়ের অসলোতে এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
ইরানে নিপীড়িত নারীদের জন্য নার্গিস মোহাম্মদীর সংগ্রাম এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য তার যে লড়াই, তারই স্বীকৃতিতে গত ৬ অক্টোবরে ১০৪তম নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল।
রোববার নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারাবন্দি মায়ের লিখিত বক্তব্য পড়ে শুনিয়েছেন নার্গিসের দুই সন্তান কিয়ানা ও আলি।
বক্তব্যে নার্গিস ইরানের ‘নিপীড়ক’ সরকারের নিন্দা করেছেন। বলেছেন, ইরানের জনগণ ঐকান্তিকতার মধ্য দিয়ে নিপীড়ন, স্বেচ্ছাচারকে জয় করবে, এতে কোনও সন্দেহ নেই।” ইরানের কুখ্যাত ইভিন কারাগার থেকে নার্গিস এই লিখিত বক্তব্য দিয়েছেন।
মতপ্রকাশের স্বাধীনতা আর নারী অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে নার্গিস বহুবার গ্রেপ্তার হয়েছেন, পেয়েছেন জীবনের অর্ধেকের বেশি সময়ের কারাদণ্ডাদেশ, অপপ্রচার চালানোর অভিযোগে এখনও কারাবন্দি আছেন তিনি।
তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচার চালানোসহ নানা অভিযোগ রয়েছে। হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাকে বারবার কারাগারে যেতে হয়েছে।
গত দুই দশকের বেশিরভাগ সময়ই নার্গিস কাটিয়েছেন বন্দিজীবন। ইরান সরকার তাকে গ্রেপ্তার করেছে ১৩ বার, পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করেছে। সব মিলিয়ে ৩১ বছরের জেল দেওয়া হয়েছে এই সাহসী নারীকে। শরিয়া আইনে ১৫৪টি বেত্রাঘাতের মত শাস্তিও পেতে হয়েছে তাকে। বন্দি অবস্থা থেকে মেলেনি মুক্তি।
২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদির প্রতিষ্ঠা করা ‘ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টারের’ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন নার্গিস মোহাম্মদী। এবছর বিবিসি’র বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকাতেও আছে তার নাম।
