২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার প্রাথমিক নির্বাচনে জয়ী হ্যাভিয়ার মিলেই

এ নির্বাচনে আর্জেন্টিনার ভোটাররা দেশটির দুই প্রধান রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

আর্জেন্টিনার প্রাথমিক নির্বাচনে জয়ী হ্যাভিয়ার মিলেই

আর্জেন্টির লা লিবারতাদ আভানসা জোটের প্রেসিডেন্ট প্রার্থী হ্যাভিয়ার মিলেই (মাঝে) । ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 05:18 PM

Updated : 14 Aug 2023, 05:18 PM

আর্জেন্টিনার অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রাথমিক এক ভোটে কম আলোচিত প্রার্থী হ্যাভিয়ার মিলেই জয়ী হয়েছেন।

রোববারের এ নির্বাচনে আর্জেন্টিনার ভোটাররা দেশটির দুই প্রধান রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এ ফল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিষ্ঠিত সব ধারণাকে ওলটপালট করে দিয়েছে।   

প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, কট্টর-ডান উদারপন্থি মিলেই মোট ভোটের ৩০ দশমিক ৫ শতাংশ পেয়ে সবার চেয়ে এগিয়ে আছেন। এ ফলাফল অপ্রত্যাশিত, তিনি আরও অনেক কম ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছিল।

দেশটির প্রধান রক্ষণশীল বিরোধীদলীয় জোট পেয়েছে ২৮ শতাংশ ভোট আর ক্ষমতাসীন পেরোনপন্থি জোট ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।  

এই ভোটের মাধ্যমে দেশটির ভোটাররা ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করেছে। দেশে বিদ্যমান ১১৬ শতাংশ মুদ্রাম্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সংকট দেশটির প্রতি ১০ জনের মধ্যে চারজনকে অভাবের জীবনে ঠেলে দিয়েছে।      

ফলাফল জানার পর এক বক্তৃতায় মিলেই বলেছেন, “আমরাই প্রকৃত বিরোধীদল। যারা সবসময় ব্যর্থ হয় সেই একই পুরনো জিনিস দিয়ে ভিন্ন আর্জেন্টিনা পাওয়া অসম্ভব।”  

আর্জেন্টিনার আইন অনুযায়ী ভোটারদের জন্য প্রাথমিক নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক। এতে এ নির্বাচন ২২ অক্টোবরের সাধারণ নির্বাচনের কার্যকর একটি চিত্র সামনে নিয়ে এসেছে আর তাতে ধারণা পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পথে কে এগিয়ে আছেন।

আর্জেন্টিনা সয়া, ভূট্টা ও গরুর মাংসের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর অন্যতম। সাধারণ নির্বাচন দেশটির বিশাল কৃষিখাত বিষয়ক নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের।

পাশাপাশি দেশটির মুদ্রা পেসো ও বন্ড এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি নিয়ে চলমান বৈঠকগুলোতে প্রভাব ফেলবে।

দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কারণে মূল রাজনৈতিক দলগুলোর বিষয়ে বহু আর্জেন্টাইনের মোহভঙ্গ হয়েছে আর তাতে মিলেইর সমানে আসার পথ খুলে গেছে। দেশটির তরুণদের মধ্যে মিলেইর জনপ্রিয়তা আছে।