২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাবধান হোন’, প্রিগোজিনকে আগেই সতর্ক করেছিলেন লুকাশেঙ্কো

রুশ প্রেসিডেন্ট পুতিন ওয়াগনার প্রধান প্রিগোজিনকে হত্যা করেছেন, এমন কথা কল্পনাও করতে পারেন না – বলেছেন বেলারুশের প্রেসিডেন্ট।

‘সাবধান হোন’, প্রিগোজিনকে আগেই সতর্ক করেছিলেন লুকাশেঙ্কো

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 12:18 AM

Updated : 27 Aug 2023, 12:21 AM

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে নিয়ে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বলেছেন, তিনি বিমান দুর্ঘটনার অনেক আগেই জীবনের হুমকির বিষয়ে প্রিগোজিন ও তার সঙ্গী দিমিত্রি উতকিনকে সতর্ক করেছিলেন।

আর কেবল তাই নয়, ওয়াগনার যোদ্ধাদেরকে বেলারুশেই থাকার অনুরোধও করেছিলেন তিনি।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন প্রিগোজিন। পরে লুকাশেঙ্কোর মধ্যস্থতাতেই প্রিগোজিন বিদ্রোহ বন্ধ করেন এবং তার বেলারুশে চলে যাওয়া নিয়ে চুক্তি হয়। তার যোদ্ধাদের একাংশ বেলারুশে চলেও যায়। 

বিদ্রোহের কারণে প্রিগোজিনের ওপর চটেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদ্রোহকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে উল্লেখ করেছিলেন তিনি। লুকাশেঙ্কো তখন পুতিনকে রাজি করিয়েছিলেন যাতে তিনি প্রিগোজিন ও তার বাহিনীকে নির্মূল করার উদ্যোগ না নেন।

কিন্তু এ সপ্তাহে রাশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রিগোজিন মারা গেছেন বলে জল্পনা ছড়ানোর পর সন্দেহের তীর উঠছে পুতিনের দিকেই।

প্রিগোজিনের বিদ্রোহের প্রতিশোধ নিতে পুতিনের নির্দেশেই গত বুধবার তাকে বহনকারী বিমান বিধ্বস্ত করানো হয়েছে বলে অভিযোগ পশ্চিমা অনেক দেশের। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

গত শুক্রবার বেলারুশের এক সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার প্রধানকে দুইবার তার প্রাণনাশের হুমকি থাকার ব্যাপারে সতর্ক করা হলেও তিনি বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

লুকাশেঙ্কো আরও বলেন, গত জুন মাসে ওয়াগনারের বিদ্রোহের সময়ই তিনি প্রিগোজিনকে সতর্ক করে বলেছিলেন, তিনি (প্রিগোজিন) মস্কোর দিকে অগ্রসর হতে থাকলে মারা পড়বেন। জবাবে প্রিগোজিন বলেছিলেন, “বাদ দিন এসব, আমি মরব।”

পরে প্রিগোজিন এবং তার সঙ্গে একই ফ্লাইটে থাকা ওয়াগনার কমান্ডার দিমিত্রি উতকিন যখন লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও তিনি দুইজনকেই সতর্ক করে বলেছিলেন, “সাবধান হয়ে যান।”

তবে ঠিক কোন সময় প্রিগোজিনের সঙ্গে এই সাক্ষাৎ হয়েছিল তা লুকাশেঙ্কোর কথায় পরিস্কার হয়নি।

প্রিগোজিনের সঙ্গে দীর্ঘদিনের জানাশোনা ছিল লুকাশেঙ্কোর। রাশিয়ারও ঘনিষ্ঠ মিত্রও তিনি। লুকাশেঙ্কো বলেন, বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট পুতিনের কিছু করার ছিল না।

তার কথায়- “আমি পুতিনকে চিনি, জানি। তিনি হিসাবি মানুষ। খুব ঠাণ্ডা মাথার মানুষ। পুতিন তাকে হত্যা করেছেন, এমন কথা আমি কল্পনাও করতে পারি না। এটা তার জন্য খুবই রূঢ় এবং অপেশাদার কাজ।”

ক্রেমলিন গত শুক্রবার বলেছে, পশ্চিমারা প্রিগোজিনকে পুতিনের আদেশে হত্যা করা হয়েছে বলে যে অভিযোগ করছে তা ‘পুরোপুরি মিথ্যা’।