২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর আগে ‘মুক্তি পাওয়ার কথা ছিল নাভালনির’

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর আগে বন্দিবিনিময়ের আওতায় তার মুক্তি পাওয়ার কথা ছিল- বলেছেন তার এক ঘনিষ্ঠ মিত্র।

মৃত্যুর আগে ‘মুক্তি পাওয়ার কথা ছিল নাভালনির’

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2024, 10:29 PM

Updated : 26 Feb 2024, 10:30 PM

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর আগে বন্দিবিনিময়ের আওতায় তার মুক্তি পাওয়ার কথা ছিল। নাভালনির ঘনিষ্ঠ এক মিত্র মারিয়া পেভচিক সোমবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, জার্মানিতে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া রুশ নাগরিক ভাদিম ক্রাসিকোভের মুক্তির বিনিময়ে রাশিয়ায় কারাবন্দি অ্যালেক্সি নাভালনি এবং আরও দুইজন মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার কথা ছিল।

এই বন্দিবিনিময় নিয়ে গত ১৫ ফেব্রুয়ারিতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে ছিল। আর পরদিন ১৬ ফেব্রুয়ারিতেই নাভালনি কারাগারে মারা যান।

নাভালনি ও তার সমর্থকদেরকে যুক্তরাষ্ট্র-সমর্থিত চরমপন্থি আখ্যা দেওয়া ক্রেমলিন এই মৃত্যুর ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। নাভালনির মৃত্যুসনদে তার স্বাভাবিক মৃত্যুর উল্লেখ থাকার কথা জানিয়েছেন সমর্থকরা।

নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের বোর্ড চেয়ারপার্সন মারিয়া পেভচিক বলেন, “আজ, এই সময়ে অ্যালেক্সি নাভালনির বসে থাকার কথা ছিল তার চেয়ারে। এটি কেবল কথার কথা নয়। এটি ঘটত।

“নাভালনি আগামী কিছুদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসতেন। কারণ, আমরা তার বিনিময় হওয়ার বিষয়ে একটি সিদ্ধান্ত পেয়ে গিয়েছিলাম। ফেব্রুয়ারির শুরুর দিকে পুতিনকে বার্লিনে জেলখাটা রুশ গোয়েন্দা কর্মকর্তা ভাদিম ক্রাসিকোভের মুক্তির বিনিময়ে নাভালনি এবং দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।”

জার্মানিতে ২০১৯ সালে সাবেক এক চেচেন বিদ্রোহী কমান্ডারকে গুলি করে মারার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ভাদিম জেলে যান।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফেব্রুয়ারিতে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের কাছে এক সাক্ষাৎকারে ভাদিমকে ‘দেশপ্রেমিক’ হিসাবে উল্লেখ করে তাকে ফিরে পেতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন যে, আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচকেও মুক্তি দেওয়া নিয়ে যুক্তরাষেট্রর সঙ্গে আলোচনা চলছে; যাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে রেখেছে রাশিয়া।

কিন্তু নাভালনির মিত্র মারিয়া পেভচিকের মতে, শেষ মুহূর্তে এসে পুতিন বন্দি বিনিময়ের বিষয়ে মন পরিবর্তন করে ফেলেন। নাভালনি মুক্তি পেয়ে ‍যাবেন এটি সহ্য করতে পারেননি পুতিন। সেজন্যই পরদিন তাকে মেরে ফেলা হয়।

ক্রাসিকোভের মুক্তির জন্য নীতিগতভাবে একটি চুক্তির দ্বারপ্রান্তে থেকে তখন পুতিন আপাতত দর কষাকষি থেকে মুক্তি পাওয়া এবং সময়মতো অন্য কাউকে বিনিময়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পেভচিক বলেন, নাভালনি বিদ্বেষে পুতিন উন্মাদ হয়ে গিয়েছিলেন। তিনি জানতেন, নাভালনি তাকে পরাজিত করে ফেলতে পারে।

পেভচিক তার কথার সপক্ষে কোনও প্রমাণ দেননি। আর পুতিন বন্দিবিনিময়ে রাজি না থাকলে তিনি নাভালনিকে বিনিময় করতে অস্বীকৃতি জানাননি কেন সে ব্যাখ্যাও পেভচিক দেননি।

ওদিকে পেভচিক যা যা বলেছেন, সে বিষয়ে ক্রেমলিন তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। জার্মান সরকারের মুখপাত্রও এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

পেভচিক বলেছেনন, পুতিনের নাভালনিকে বিনিময় করার কথা যারা বলেছিলেন তাদের মধ্যে ছিলেন রুশ ব্যবসায়ী রোমান অ্যাম্ব্রোভিচ। তবে অ্যাম্ব্রোভিচও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

কিন্তু বন্দিবিনিময় আলোচনা সম্পর্কে জানেন এমন এক রুশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে আলাদাভাবে জানিয়েছে যে, বন্দিবিনিময় হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝিতেই। নাভালনি এবং তার স্ত্রীও এতে রাজি হয়েছিলেন। বন্দিবিনিময় আলোচনায় অ্যাম্ব্রোভিচ জড়িত ছিলেন বলেও জানান এই সূত্র।