ফিলিস্তিনের আত্মরক্ষার্থেই ইসরায়েলে হামলা: ইরান
ফিলিস্তিনের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। ইসরায়েল এখন অনেক বেশি অরক্ষিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সরকারি মুখপাত্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের আত্মরক্ষার্থেই শনিবার ইসরায়েলে হামলা চালিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য মুসলিম দেশগুলোকে আহ্বানও জানিয়েছে ইরান।
কয়েক দশকের মধ্যে শনিবার হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়। দিনটি ছিল ইহুদিদের ছুটির দিন। ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালানোর পাশাপাশি সুপরিকল্পিতভাবে স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে।
তারা কয়েক ঘণ্টা ইসরায়েলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখে। অভিযানে বেশ কিছু ইসরায়েলি নিহত হয়। কিছু ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায়ও নিয়ে যায় ফিলিস্তিনি বন্দুকধারীরা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টিভি বলেছে, “এই অভিযান… প্রতিরোধ গোষ্ঠীগুলোর স্বঃতস্ফূর্ত আন্দেলন এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পূর্ণ অধিকারের সুরক্ষাসহ ইহুদিদের যুদ্ধংদেহী ও উস্কানিমূলক নীতির বিরুদ্ধে তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া।”
“ইরান ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার ঘটনার জন্য ইহুদি দখলদার শাসকগোষ্ঠী এবং এর সুপরিচিত সমর্থকদের… দায়ী বলেই মনে করে এবং মুসলিম দেশগুলোকে… ফিলিস্তিনি জনগণের অধিকারকে সমর্থন করার আহ্বান জানায়,” বলেন কানানি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিবৃতিতে বলেছেন, “এই বিজয়ী অভিযান নিশ্চিতভাবেই ইহুদি শাসনের অবসান ত্বরান্বিত করবে এবং আসন্ন ধ্বংস ডেকে আনবে।” ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি-জাহরোমি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, এই হামলা প্রমাণ করেছে যে, হুইদিরাষ্ট্রটির শাসকগোষ্ঠী আগের যে কোনও সময়ের চেয়ে এখন অনেক বেশি অরক্ষিত হয়ে পড়েছে।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত কয়েকটি ভিডিওতে তেহরানের ফিলিস্তিন স্কয়ারে ইসরায়েলে হামলার খবরকে স্বাগত জানাতে লোকজনকে জমায়েত হতে দেখা গেছে। তারা ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দিচ্ছিল এবং আতশবাজি পোড়াচ্ছিল।
ইরানের রেভল্যুশনারি গার্ড এর সাবেক কমান্ডার ও খামেনির বর্তমান উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি এর আগে বলেছিলেন, “ফিলিস্তিন এবং জেরুজালেমের স্বাধীনতা না আসা পর্যন্ত আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব।”
ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেশটির পার্লামেন্ট সদস্যদেরকেও শনিবার তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিন বিজয়ী, ‘ইসরায়েল ধ্বংস হবে’ স্লোগান দিতে দেখা গেছে।
