পুতিন আপনাদের দেশ ধ্বংস করছে: রুশদের জেলেনস্কি
রোববার নববর্ষের প্রথম প্রহরেও কিইভে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে; তবে এতে আদৌ কেউ হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশদের বলেছেন, আপনাদের নেতা আপনাদের দেশকে ধ্বংস করছে।
সামরিক উর্দিতে সজ্জিত লোকজন দ্বারা আবৃত হয়ে দেওয়া ভ্লাদিমির পুতিনের নববর্ষের ভাষণের পর দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট নেতৃত্ব দিচ্ছেন না, তার বাহিনীর পেছনে লুকিয়ে আছেন।
শনিবারও ইউক্রেইন রাশিয়ার একের পর এক হামলার সাক্ষী হয়েছে; এ প্রসঙ্গে ইঙ্গিত করে জেলেনস্কি বলেছেন, ইউক্রেইনীয়রা কখনোই রাশিয়াকে ক্ষমা করবে না।
রাশিয়ার এদিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রোববার নববর্ষের প্রথম প্রহরেও কিইভে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন শহরটির কর্মকর্তারা, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বলতে পারেননি তারা।
এদিকে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর প্রধান ভালেরি জালুঝনি বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাশিয়ার ছোড়া ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ১২টিই ভূপাতিত করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলো একের পর এক রুশ হামলা ইউক্রেইনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনাকে প্রায় পঙ্গু করে দিয়েছে।
মস্কো নিয়মিতই ইউক্রেইনের বেসামরিক লক্ষ্যে আঘাত হানার কথা অস্বীকার করে আসছে, তবে পুতিন সম্প্রতি ইউক্রেইনের সংবেদনশীল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার কথা স্বীকার করে নিয়েছেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, শনিবার যারা হামলা চালিয়েছে তারা অমানুষ।
এরপর রুশ ভাষায় তিনি পুতিনকে কড়া আক্রমণ করেন।
“আপনাদের নেতা দেখাতে চাইছেন যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আর সামরিক বাহিনী তার পেছনে আছে। কিন্তু সত্যটা হচ্ছে, তিনি তার সামরিক বাহিনীর পেছনে লুকিয়ে আছেন। তার ক্ষেপণাস্ত্র, তার বাসভবন আর প্রাসাদের দেয়ালের ভেতর লুকিয়ে আছেন।
“তিনি আপনাদের পেছনে লুকিয়ে আছেন। তিনি আপনাদের দেশ ও আপনাদের ভবিষ্যৎকে পুড়িয়ে দিচ্ছেন। সন্ত্রাসের জন্য কেউ আপনাদের ক্ষমা করবে না। বিশ্বের কেউ করবে না। ইউক্রেইন আপনাদের ক্ষমা করবে না,” বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
তিনি পরে ইউক্রেইনবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে রুশ বাহিনীর অগ্রগতি প্রতিহতে ‘অবিশ্বাস্য’ প্রচেষ্টার জন্য জনগণকে ধন্যবাদ দেন।
নববর্ষ উপলক্ষে পুতিনও ভাষণ দিয়েছেন, যা রাশিয়ার ১১টি টাইমজোনের প্রত্যেকটিতেই সম্প্রচারিত হয়েছে।
সেই ভাষণে রুশ নেতা জনগণকে ইউক্রেইনে লড়াইরত বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। বলেছেন, দেশের ভবিষ্যৎ হুমকির মুখে ছিল।
যুদ্ধের মেজাজে পুতিন বলেন, “আমরা সবসময় জানতাম, আজ আরও একবার নিশ্চিত হলাম, একটি সার্বভৌম, স্বাধীন রাশিয়ার নিশ্চিত ভবিষ্যৎ কেবল আমাদের উপর নির্ভর করছে, আমাদের শক্তি ও ইচ্ছার উপর।”
পশ্চিমাদের উসকানির কারণেই মস্কো গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সেনা পাঠিয়েছে বলেও দাবি করেন তিনি।
“শান্তি নিয়ে পশ্চিমারা মিথ্যা বলেছিল। তারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এখন তারা নির্লজ্জভাবে ইউক্রেইন ও এর জনগণকে রাশিয়াকে দুর্বল ও ভাগ করতে ব্যবহার করছে,” বলেছেন তিনি।
পুতিন তার এ বক্তব্যে ইউক্রেইন নিয়ে মিনস্ক শান্তিচুক্তির দিকে ইঙ্গিত করেছেন বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার ক্রাইমিয়া দখলের পর ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেইনীয় বাহিনীর লড়াই থামাতে জার্মানি ও ফ্রান্সের মধ্যস্থতায় মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হয়।
কিন্তু সম্প্রতি জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতেই পশ্চিমারা ওই মিনস্ক চুক্তি করেছিল, যেন সময়ক্ষেপণ করে ভালোভাবে নিজেদের প্রস্তুত করা যায়।
মস্কো বলছে, ইউক্রেইনের উগ্র জাতীয়তাবাদী ও নাৎসিবাদীদের দমন, রুশভাষীদের সুরক্ষা এবং নেটোর সম্প্রসারণ বন্ধের লক্ষ্যেই তারা প্রতিবেশী দেশে সেনা অভিযানে নেমেছে।
অন্যদিকে কিইভ ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার অভিযানকে সাম্রাজ্যবাদী কায়দায় জমিদখল বলে অভিহিত করছে।
