২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া থেকে বহিষ্কারের পর যুক্তরাষ্ট্রের হাতে ট্রাভিস কিং

‘অবৈধ’ প্রবেশ নিয়ে তদন্ত শেষে কিং-কে দেশ থেকে বহিষ্কার করবে পিয়ংইয়ং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 07:01 PM

Updated : 09 Dec 2023, 07:00 PM

উত্তর কোরিয়া থেকে বহিষ্কার হওয়ার পর পক্ষত্যাগী মার্কিন সেনা সদস্য ট্রাভিস কিং চীনে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের এই সেনাসদস্য গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে দৌড়ে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে গিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন। তারপর থেকে প্রাইভেট কিংয়ের আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না।

বুধবার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রয়াত্ত সংবাদ সংস্থা কেএনসিএ এর খবরে বলা হয়, ‘অবৈধ’ প্রবেশ নিয়ে তদন্ত শেষ পিয়ংইয়ং প্রাইভেট কিং কে দেশ থেকে বহিষ্কার করবে। এ বিষয়ে আর কোনো তথ্য সেখানে ছিল না।

কেএনসিএ-র খবরে বলা হয়ছিল, কিং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভেতর ‘অমানবিক আচরণের শিকার হওয়ার’ এবং ‘বর্ণবাদ’ থাকার অভিযোগ তুলে এর থেকে বাঁচতে উত্তর কোরিয়া পালিয়ে গেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

একজন মার্কিন সেনা হিসেবে উত্তর কোরিয়া তার সঙ্গে কী আচরণ করেছে বা তার বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা কেমন, সেসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উত্তর কোরিয়া থেকে প্রাইভেট কিংকে বের করে আনতে সহায়তার জন্য পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে সুইডেন ও চীনা সরকারকে ধন্যবাদ দেওয়া হয়েছে। যেহেতু দুই শত্রুদেশ উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই পিয়ংইয়ংয়ে সুইডেনের দূতাবাস যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছে। সুইডিশ দূতাবাস থেকেও এক বিবৃতিতে কিংয়ের বিষয়ে তাদের সহযোগিতার কথা জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউজ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কিংয়ের পরিবারও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উত্তর কোরিয়া প্রবেশের ৭১ দিন পর সেখান থেকে মুক্তি পেলেন কিং। তিনি ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করছেন। শত্রু এলাকায় রেকি করার বিষয়ে বিশেষজ্ঞ কিং দক্ষিণ কোরিয়ায় দায়িত্বরত ছিলেন।

সেখানে নিপীড়নের অভিযোগে তিনি দুই মাস বন্দি ছিলেন। গত ১০ জুলাই ছাড়া পাওয়ার পরপরই তিনি কৌশলে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে উত্তর কোরিয়া চলে যান।

সংবাদসূত্র: বিবিসি, রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)