২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জেনিন থেকে সেনা প্রত্যাহার, গাজা-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ছোড়া রকেটের জবাবে সেখানে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জেনিন থেকে সেনা প্রত্যাহার, গাজা-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা

বুধবার গাজার আকাশরেখায় বড় ধরনের একটি বিস্ফোরণ দৃশ্যমান হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 02:20 PM

Updated : 05 Jul 2023, 02:24 PM

ফিলিস্তিনের পশ্চিম তীরে কয়েক বছরের মধ্যে অন্যতম বড় সামরিক অভিযানে নামা ইসরায়েলি বাহিনী জেনিন থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার কয়েক ঘণ্টা পরই গাজার সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় বুধবার তেল আবিবের জঙ্গি বিমানগুলো গাজায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় ফিলিস্তিনি ভূখণ্ডটির একটি ভূগর্ভস্থ অস্ত্র নির্মাণ কারখানায় আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তারা।  

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি এ হামলা নতুন সংঘাতের দিকে গড়াবে কিনা, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

এসব পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা আগে রাতের আঁধারে ইসরায়েলি সামরিক বাহিনীর যানগুলোকে জেনিন ছাড়তে দেখেছেন রয়টার্সের দুই সাংবাদিক।

জেনিনের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর মিলেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ৫ জন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য। 

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জেনিনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা ও অস্ত্রশস্ত্র ধ্বংসের লক্ষ্যে এই অভিযানটি চালানো হয়েছে।

সোমবার দুপুররাতে ড্রোন হামলার মাধ্যমে হওয়া এই অভিযানে হাজারেরও বেশি ইসরায়েলি সেনা অংশ নেয়। পরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই শুরু হলে তা পরবর্তী দুই দিন ধরে চলে। এ সময় বহু হতাহতের ঘটনা ঘটে ও শরণার্থী শিবিরটির কয়েক হাজার বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হন।

Image

ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া জেনিনের শরণার্থী শিবিরে নিজ বাড়ির সামনে বসে আছেন বিমর্ষ এক নারী।

মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর শিবিরটি ছেড়ে যাওয়া বাসিন্দারা শিবিরের অন্ধকার সড়কগুলোতে ফিরতে শুরু করেন। অনেকে তাদের মোবাইল ফোনের আলোয় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন।

এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিম তীরকে তাঁতিয়ে রাখা একের পর এক সহিংসতার অন্যতম কেন্দ্রবিন্দু জেনিনেরর এই শরণার্থী শিবির বলে ভাষ্য পশ্চিমা গণমাধ্যমের। এখানে আধা বর্গকিলোমিটারেরও কম জায়গায় প্রায় ১৪ হাজার মানুষের বাস।

ঘনবসতিপূর্ণ এ শিবির থেকে সৈন্য প্রত্যাহার শুরুর কয়েক ঘণ্টা পর গাজার ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে ৫টি রকেট ছোড়ে, জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তারা বলেছে, সবগুলো রকেটই শনাক্তের পর নিস্ক্রিয় করে দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের জেনিন অভিযানের জেরে মঙ্গলবার দেশটির প্রধান বাণিজ্য নগরী তেল আবিবে গাড়ি ও ছুরি হামলায় ৮ জন আহতের ঘটনা ঘটেছে, এর দায় স্বীকার করেছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হামাস।

এদিকে ইসরায়েলি সেনারা যখন জেনিন ছাড়ছে তখনও পশ্চিম তীরের উত্তরাংশের এ শহরটির একটি হাসপাতালের কাছে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে অনেকে খবর দিয়েছে; কিন্তু  রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

Image

ইসরায়েলি বাহিনীর হামলায় জেনিনের শরণার্থী শিবিরে অনেকগুলো গাড়ি ধ্বংস হয়।

ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, তাদের কয়েকটি দল কাজ করছে পশ্চিম তীরের এমন একটি হাসপাতাল লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছুড়েছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হাসপাতালে কাছে তাদের বাহিনীর গুলি ছোড়ার বিষয়ে তাদের কিছু জানা নেই, তবে তারা এক বন্দুকধারীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যে একটি কবরস্থানে অবস্থান নিয়ে সরে যাওয়া সৈন্যদের জন্য হুমকি সৃষ্টি করেছিল।

“এই মুহূর্তে আমরা অভিযান শেষ করছি, তবে আমি বলতে পারি, জেনিনে আমাদের বিস্তৃত কর্মকাণ্ড এই এককালীন অভিযানেই শেষ নয়,” ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরটির কাছে এক চেকপয়েন্টে এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরও পড়ুন:

পুরনো খবর:

জেনিনে দুই দিনের লড়াইয়ে ১২ ফিলিস্তিনি ও ১ ইসরায়েলি সেনা নিহত