কম্বোডিয়ায় ক্যাসিনোতে অগ্নিকাণ্ড: পোড়া ঘরে মিলল আরও ৮ মৃতদেহ
এ নিয়ে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে। ২০ জন এখনও নিখোঁজ।
কম্বোডিয়ার পোইপেট ক্যাসিনো-হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পুড়ে যাওয়া বিভিন্ন ঘর থেকে আরও ৮ জনের মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছে উদ্ধারকারী দলগুলো।
এ নিয়ে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এখনও ২০ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার প্রথম প্রহরের দিকে আগুন লাগার সময় থাইল্যান্ড সীমান্তবর্তী পোইপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনোর ভেতরে প্রায় ৪০০ লোক ছিলেন বলে অনুমান করা হচ্ছে।
কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতির শর্ট সার্কিটকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন বান্টিয়েই মিনচেই প্রদেশের তথ্যবিভাগের প্রধান সেক সোকোম।
অগ্নিকাণ্ডের কারণ তদন্তে সরকার একটি কমিটিও গঠন করেছে।
শুক্রবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি অগ্নি নিরাপত্তা ও নির্বাপনে আরও উন্নতি ঘটাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, ভবনের যতটুকু অংশ অবশিষ্ট আছে, তা ধসে পড়তে পারে এই শঙ্কায় তাদেরকে খুব সাবধানতার সঙ্গে ধীরলয়ে কাজ করতে হচ্ছে।
অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই থাইল্যান্ডের নাগরিক। আহত অনেককে চিকিৎসার জন্য কাছের থাই প্রদেশ সা কায়েওর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
