২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের লাহোর, ইসলামাবাদে প্রবল বৃষ্টি, ১৬ জনের মৃত্যু

বৃষ্টির মধ্যে ইসলামাবাদের শহরতলীতে একটি বিস্তৃত সামরিক কম্পাউন্ডের সীমানা দেয়ালের একটি অংশ ধসে ১১ শ্রমিকের মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 02:46 PM

Updated : 20 Jul 2023, 05:30 PM

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর লাহোরে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোররাতে ইসলামাবাদের শহরতলীতে একটি সামরিক কম্পাউন্ডের সীমানা দেয়ালের অংশ ধসে ১১ শ্রমিকের মৃত্যু হয়। বৃষ্টিতে দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, একইদিন লাহোরের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা যান।

 ইসলামাবাদের গোলরা মোড়ের ঘটনায় নিহত শ্রমিকরা একটি আন্ডারপাস নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। তবে ঘটনার সময় তারা কাছেই তাদের তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। ওই সময় সামরিক কম্পাউন্ডের ১১ ফুট উঁচু দেয়াল তাদের ওপর ধসে পড়ে। এ ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের বের করে আনতে উদ্ধারকারীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে ১১ জনের মৃত্যু হয়।

ইসলামাবাদে প্রবল বৃষ্টি চলতে থাকায় সরকারি সব বিভাগকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। আগামী কয়েক দিনে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

লাহোরে যে পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১০ ও ১২ বছর বয়সী দুটি শিশু আছে। তারা বৃষ্টির মধ্যে নগরীর চারার এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নগরীর একটি আবাসিক এলাকায় বৃষ্টির মধ্যে ইলেকট্রিক বোর্ড থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ২৮ বছর বয়সী এক যুবক। থোকার নিয়াজ বেগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরেকজন।

এর পাশাপাশি কালান্দাপুরা বাজারে একইভাবে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি মারা যান।

ডন জানিয়েছে, জুনের শেষ সপ্তাহ থেকে পাকিস্তানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হচ্ছে, আর এরমধ্যে বিভিন্ন ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বৃষ্টির কারণে পাঞ্জাবের নদীগুলো উপচে বন্যা দেখা দিয়েছে; কয়েশ গ্রাম ডুবে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ।

গত বছর পাকিস্তানে টানা প্রবল বৃষ্টির পর দেখা দেওয়া ভয়াবহ বন্যায় অন্তত ১৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। দেশটির এক তৃতীয়াংশ ডুবে যাওয়া ওই বন্যায় ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছিল তিন হাজার কোটি ডলার।