২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইউক্রেইন থেকে শস্য আমদানিতে স্লোভাকিয়ার নিষেধাজ্ঞা

স্থানীয় কৃষি খাতের সুরক্ষায় অভ্যন্তরীন চাপের মুখে একে একে এমন সিদ্ধান্ত নিচ্ছে ইউরোপের দেশগুলো।

এবার ইউক্রেইন থেকে শস্য আমদানিতে স্লোভাকিয়ার নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 18 Apr 2023, 06:00 PM

Updated : 18 Apr 2023, 06:00 PM

পোল্যান্ড এবং হাঙ্গেরির পর এবার ইউক্রেইন থেকে খাদ্যশস্য ও অন্যান্য খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছে স্লোভাকিয়া।

স্থানীয় কৃষি খাতের সুরক্ষায় অভ্যন্তরীন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। সোমবার স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী শস্য নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানান।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ১৮ মে তে। তার আগে দিয়ে শস্য রপ্তানিতে পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এল।

রাশিয়া এরই মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আর না বাড়ানোর আভাস দিয়েছে।

পোল্যান্ড ও হাঙ্গেরি সরকার গত শনিবার নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

‘লজিস্টিক’ সংক্রান্ত নানা জটিলতায় ইউক্রেইন থেকে আমদানি করা বিপুল পরিমাণ খাদ্যশস্য মধ্য ইউরোপের দেশগুলোতে আটকা পড়ে রয়েছে। ফলে ওইসব দেশে পণ্য সরবরাহ অতিরিক্ত বেড়ে যাওয়ায় পণ্যের দাম অস্বাভাবিক রকম কমে গেছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

গত মাসে ইউরোপীয় কমিশনকে ইউরোপের পাঁচটি দেশের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়, শস্য, তেলবীজ, ডিম, পোলট্রি ও চিনির মতো পণ্যগুলোর সরবরাহ ‘নজিরবিহীন’ মাত্রায় বেড়ে গেছে। ইউক্রেইনের কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে এখন শুল্কের বিষয়টি বিবেচনা করা উচিত।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তুলনায় ইউক্রেইনে খাদ্যশস্যের দাম বেশ কম।

ইউক্রেইন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন। নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না পোল্যান্ডের ক্ষমতাসীন দল পিআইএস।

পোল্যান্ডের দেখাদেখি স্লোভাকিয়াও অনির্দিষ্টকালের জন্য ইউক্রেইন থেকে শস্য আমদানি নিষিদ্ধের পথে হাঁটল। যদিও তৃতীয় কোনও বাজারে খাদ্যশস্য পরিবহনের জন্য ট্রানজিট খোলা রেখেছে দেশটি।

স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী বলেছেন, নিজেদের বাজার সুরক্ষায় পোল্যান্ডের মতো একই পদক্ষেপ নিয়েছে তার দেশ। তাছাড়া, ইউক্রেইনের শস্যে ক্ষতিকারক কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে স্লোভাক নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনায়ও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওদিকে, বুলগেরিয়ার বিটিএ বার্তা সংস্থা জানিয়েছে, বুলগেরিয়াও ইউক্রেইনের শস্য আমদানি কমিয়ে দেওয়ার কথা ভাবছে। পূর্ব ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে তারা একই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে।

বিভিন্ন ইউরোপীয় দেশ একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিতে থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকেই ব্যাপক পরিসরে এই সংকটের একটা সমাধানে আসার জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

হাঙ্গেরির কৃষিমন্ত্রী বলেছেন, জাতীয় পর্যায়ের বাইরে গিয়ে একটি সমাধান খোঁজা দরকার। এক্ষেত্রে ইইউ এর পদক্ষেপ নেওয়া অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। চেক প্রজাতন্ত্রও ইইউ-কে ব্যাপক পরিসরে একটি সমাধানের আহ্বান জানিয়েছে এবং বলেছে, তারা আপাতত ইউক্রেইনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে না।