২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি রাশিয়ার

ইউক্রেইন যুদ্ধের কারণে আটক করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে- বলেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি রাশিয়ার

সের্গেই রিয়াবকভ। ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 22 Dec 2023, 11:19 PM

Updated : 22 Dec 2023, 11:23 PM

ইউক্রেইন যুদ্ধের কারণে আটক করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ শুক্রবার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থায় একথা বলেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের মোহাচ্ছন্ন হয়ে কোনও পদক্ষেপ নেওয়া উচিত হবে না। তাদের এটা মনে করা ঠিক হবে না যে, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে নিতে রাশিয়া অনড় হয়ে আছে।”

ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের সামরিক এবং আর্থিক সহায়তা দিয়ে আসার কারণে দেশটির সঙ্গে সম্পর্ক এখন ‘শূন্যের নিচে’ চলে গেছে বলেই বর্ণনা করেছে রাশিয়া।

রিয়াবকভ বলেন, রাশিয়া কূটনৈতিক সম্পর্ক ভাঙার সূচনা করবে না। তবে কূটনৈতিক সম্পর্কে এ ধরনের ফাটল অনেক বিষয় থেকেই ঘটতে পারে।

তার কথায়, “এর মধ্যে আছে- সম্পদ বাজেয়াপ্ত (ক্রোক) হওয়া, সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়াসহ আরও অনেক কিছু। আমি নেতিবাচক কিছুর পূর্বাভাস দিতে যাব না।” তবে মস্কো ‘যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত’ আছে বলে জানান তিনি।

পশ্চিমা কিছু রাজনীতিবিদ আটক (ফ্রিজ) করে রাখা ৩০ হাজার কোটি ডলার মূল্যের রুশ সম্পদ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের অর্থনীতি পুনর্গঠনে ব্যয় করার দাবি জানাচ্ছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, এ ধরনের যে কোনও পদক্ষেপ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে।

রুশ সম্পদ বাজেয়াপ্ত করা কোনও দেশকে রাশিয়া ‘কখনও শান্তিতে থাকতে দেবে না’ উল্লেখ করে পেসকভ বলেন, সেরকম ক্ষেত্রে মস্কো দেখবে এর জবাবে পশ্চিমাদের কোন সম্পদ তারা বাজেয়াপ্ত করতে পারে।

ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ অবরুদ্ধ করা হয়।