২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থীর নিহত, আহত ৯৯

পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থীর নিহত, আহত ৯৯

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলে বিস্ফোরণের স্থানে মানুষ দাঁড়িয়ে আছে। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 06:11 PM

Updated : 28 Nov 2026, 06:11 PM

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে এক স্কুলের কাছে বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত ও আরও ৯৯ জন আহত হয়েছেন।

শনিবার এ ঘটনা ঘটেছে বলে আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়টির মুখপাত্র আব্দুল মতিন কানি এক বিবৃতিতে জানিয়েছেন, স্কুলটির কাছে খনি কোম্পানিগুলোর গুদামে মজুদ করে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণটি ঘটেছে, প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কিছু খনি আছে।

কানি জানান, কুনারের আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

অগাস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণে অন্তত ৪২ জন শিশু আহত হয়েছিল বলে দেশটিতে থাকা জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছিল। আহত এ শিক্ষার্থীদের সবার বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে ছিল। তবে কুনারে হতাহত শিক্ষার্থীদের বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।