মা ডায়ানার মৃত্যুর পর একবারই কেঁদেছিলেন হ্যারি
প্রিন্স হ্যারি তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’ এর প্রকাশনার প্রচারে একটি নতুন সাক্ষাৎকারের ক্লিপে তার মায়ের মৃত্যুর পরের পরিস্থিতি বর্ণনা করেছেন।
১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় ব্রিটিশ প্রিন্সেস অফ ওয়েলস মা ডায়ানার মৃত্যুতে শুধুমাত্র একবারই কাঁদতে পেরেছিলেন বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি।
হ্যারি তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’ এর প্রকাশনার প্রচারে একটি নতুন সাক্ষাৎকারের ক্লিপে তার মায়ের মৃত্যুর পরের পরিস্থিতি বর্ণনা করেছেন। বলেছেন, শোকার্ত লোকজনের সামনে আবেগ প্রকাশ করতে পারেননি তিনি ও তার বড় ভাই প্রিন্স উইলিয়াম।
আইটিভি’র টম ব্র্যাডবিকে হ্যারি বলেন, তার মাকে সমাহিত করার সময় তিনি কেঁদেছিলেন। কেনসিংটন প্রাসাদের বাইরে ফুল দিতে আসা লোকজনের মাঝে হাঁটার সময় তিনি ‘কিছুটা অপরাধবোধে’ ভুগছিলেন বলেও জানান।
প্রিন্স হ্যারির আত্মজীবনীর বড় অংশজুড়েই রয়েছে তার মা ডায়ানার অনুপস্থিতির বিষয়টি। তার এই বইটি ১০ জানুয়ারিতে বাজারে আসার কথা রয়েছে। তবে বইটির কিছু কপি স্পেনে আগাম বিক্রি হওয়ায় স্পর্শকাতর সব তথ্য ফাঁস হয়েছে।
বিবিসি বইটির একটি কপি পেয়েছে এবং এটি অনুবাদও করছে। আইটিভিতে হ্যারির দেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার কথা রয়েছে রোববার সন্ধ্যায়।
এই সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, ১৯৯৭ সালের অগাস্টে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মা ডায়ানার মৃত্যুর সময় সবাই জানত তারা কোথায় ছিল।
মায়ের মৃত্যুর কয়েক দিন পর শোক জানাতে আসা লোকজনের সঙ্গে তিনি ও তার ভাইয়ের সাক্ষাতের ফুটেজগুলো দেখেছেন বলে জানান হ্যারি।
তিনি বলেন, “আমি সমাধিতে একবারের জন্য কেঁদেছি এবং সেটি কত অদ্ভুত ছিল, কিছুটা অপরাধবোধ আমার ভেতরে কীভাবে কাজ করেছে সে বিষয়ে বিস্তারিত (স্পেয়ারে) লিখেছি। আমার মনে হয় কেনসিংটন প্রাসাদের বাইরে হেঁটে যাওয়ার সময় উইলিয়ামেরও একই অনুভূতি হয়েছে।”
“আমাদের মায়ের কাছে ৫০ হাজার ফুলের তোড়া ছিল। আমরা সমবেত মানুষের সঙ্গে হাত মেলাচ্ছিলাম। হাসছিলাম...যাদের সঙ্গে হাত মেলাচ্ছিলাম, তাদের হাত ভেজা ছিল। তাদের হাত কেন ভেজা ছিল বুঝতে পারিনি। আসলে চোখের পানিতে তাদের হাত ভিজে গিয়েছিল।
“সবাই আমার মায়ের কাছের মানুষ বলে বোধ করেছিল। তবে আমার মায়ের সবচেয়ে কাছের দুজন, সবচেয়ে ভালোবাসার দুজন সেই মুহূর্তে কোনো আবেগ প্রকাশ করতে পারেনি।”
শেষকৃত্যে কীভাবে মায়ের কফিনের পেছনে পেছনে হেঁটেছিলেন সেকথা স্পেয়ারে বর্ণনা করেছেন হ্যারি। বলেছেন, সেখানে ভিড় ছিল। অনেক মানুষের সামনে তিনি কাঁদতে পারেননি।
হ্যারি জানান, তার মা যেখানে মারা গিয়েছিলেন, সেই দুর্ঘটনাস্থলে সুড়ঙ্গের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একজন চালককে পেয়েছিলেন। আর মায়ের মৃত্যুসংবাদ দেওয়ার সময় বাবা তাকে জড়িয়ে ধরে কোনও সান্ত্বনা দেননি বলেও জানান তিনি।
