২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোলা স্টার্জেনের স্বামী গ্রেপ্তার

স্কটল্যান্ডের সাবেক এই ফার্স্ট মিনিস্টারের স্বামী পিটার মুরেলকে স্কটিশ ন্যাশনাল পার্টিতে আর্থিক অনিয়মের তদন্তে জেরার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিকোলা স্টার্জেনের স্বামী গ্রেপ্তার

ছবি: বিবিসি ভিডিও

নিউজ ডেস্ক

Published : 05 Apr 2023, 07:54 PM

Updated : 05 Apr 2023, 08:21 PM

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্বামী পিটার মুরেলকে স্কটিশ ন্যাশনাল পার্টিতে (এসএনপি) আর্থিক অনিয়মের তদন্তের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মাসে তিনি দলটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন। ১৯৯৯ সাল থেকে মুরেল এ পদে ছিলেন।

বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৫৮ বছর বয়সী মুরেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের আওতায় পুলিশ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

বিবিসি জানায়, মুরেল এবং স্টার্জেনের গ্লাসগোর বাড়ি এবং এডিনবরায় এসএনপি এর সদরদপ্তরেও পুলিশ হানা দিয়েছে। বাড়িটি নীল ও সাদা টেপ দিয়ে সিল করে দেওয়া হয়েছে এবং সামনের লনে তাঁবু টনানো হয়েছে।

নিকোলা স্টার্জন গতমাসেই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। তার জায়গায় নতুন ফার্স্ট মিনিস্টার হয়েছেন হামজা ইউসেফ।

স্টার্জনের স্বামীর বিরুদ্ধে পুলিশি তৎপরতার এ ঘটনায় এক মন্তব্যে হামজা বলেছেন, “এসএনপি’র জন্য এ এক কঠিন দিন। পুলিশের চলমান তদন্তের ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না। তবে আমি বলব এসএনপি তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং করে যাবে।”

২০২১ সালের জুলাইয়ে স্কটল্যান্ড পুলিশ স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)’র তহবিলের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দলটিতে আসা অনুদানের অর্থ কীভাবে ব্যবহার হয়েছে তা নিয়ে অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়।

স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে প্রচার চালানোর জন্য সংগ্রহ করা অর্থ কী হয়েছে প্রশ্ন ওঠে সেটি নিয়ে। দাতারা দাবি করেন, ২০১৭ এবং ২০১৯ সালে স্বাধীনতার পক্ষে প্রচার চালানোর জন্য এসএনপি-কে দেওয়া লাখ লাখ পাউন্ড দলটি অন্য কিছুতে ব্যয় করেছে।

সাত জনের অভিযোগ আসার পর কৌঁসুলিদের সঙ্গে আলোচনা করে তদন্ত শুরু করা হয়। স্কটল্যান্ডের তৎকালীন ফার্স্ট মিনিস্টার স্টার্জন বলেছিলেন, পার্টির তহবিলের বিষয়ে তার কিছু জানা ছিল না।