২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন যুদ্ধকে ‘বর্বরতার নতুন মাত্রায়’ নিয়ে গেছেন : মার্কিন কূটনীতিক

ইউক্রেইনে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনেকটাই অচল করে দিয়েছে রাশিয়া। প্রচণ্ড শীতে বিদ্যুৎহীন অবস্থায় মানবিক বিপর্যয়ে পড়েছে লাখ লাখ ইউক্রেইনীয়।

পুতিন যুদ্ধকে ‘বর্বরতার নতুন মাত্রায়’ নিয়ে গেছেন : মার্কিন কূটনীতিক

ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 07:04 PM

Updated : 04 Dec 2022, 07:32 PM

ইউক্রেইন যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় বসতে ভ্লাদিমির পুতিন আগ্রহী নন। বরং তিনি ইউক্রেইনের সাধারণ নাগরিকদের লাইট বন্ধের চেষ্টা চালিয়ে এ যুদ্ধকে ‘বর্বরতার নতুন মাত্রায়’ নিয়ে গেছেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনীতিক।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার কিইভ সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং কিইভের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্য কূটনৈতিক প্রক্রিয়ায় সংকটের সমাধান করা। কিন্তু এজন্য আপনার একজন ইচ্ছুক অংশীদার থাকতে হবে।

‘‘এবং এটা খুবই পরিষ্কার যে, বিদ্যুৎ ক্ষেত্রে আক্রমণ হোক অথবা ক্রেমলিনের বড় বড় কথা বা সাধারণ মনোভাবই হোক, পুতিন এর জন্য আন্তরিক বা প্রস্তুত নন।”

গত বৃহস্পতিবার এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন, যদি পুতিন ইউক্রেইন যুদ্ধ অবসানে আগ্রহী হন তবে তিনি রুশ প্রধানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

কিন্তু বাইডেনের এই পরিকল্পনা দ্রুতই মাঠে মারা যায়। যখন ক্রেমলিন থেকে বলা হয়, পশ্চিমাদের আগে মস্কোর দখল করা ইউক্রেইনের চারটি ‍অঞ্চলের স্বীকৃতি দিতে হবে। তবেই তারা আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করবে।

মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বলেন, রাশিয়া থেকে যে জবাব দেওয়া হয়েছে তাতেই বোঝা যাচ্ছে ‘তাদের কাছে বিষয়টি কতটা গুরুত্বহীন’।

গত অক্টোবর মাস থেকে ইউক্রেইনের একের পর এক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে অনেকটা অচল করে দিয়েছে রাশিয়া। প্রচণ্ড শীতের মধ্যে লাখ লাখ ইউক্রেইনীয়কে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় তারা পানির সংকটেও পড়েছে। ঘর গরম করার ব্যবস্থা কাজ করছে না।

কিইভ এবং তাদের মিত্রদের অভিযোগ, মস্কো ইচ্ছা করে ইউক্রেইনের বেসামরিক নাগরিকদের ক্ষতি করছে। যা যুদ্ধাপরাধের সামিল।

নুল্যান্ড বলেন, ‘‘পুতিন এই যুদ্ধকে বর্বরতার নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দিয়ে ইউক্রেইনের ঘরে ঘরে এই যুদ্ধকে পৌঁছে দিয়েছেন এবং এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে তিনি যা অর্জন করতে পারেননি তা অর্জন করার চেষ্টা করছেন।”

দ্রুতই নুল্যান্ডের বক্তব্যের জবাব দেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

টেলিগ্রাম চ্যানেলে তিনি ১৯৯৯ সালে সার্বিয়ায় হামলার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘‘নুল্যান্ডের বিশ্বকে শেখাতে আসা উচিত না...যুক্তরাষ্ট্র নিজেরা যত শক্তি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করছে, কেবল মাত্র যুক্তরাষ্ট্র এবং নেটো যৌথভাবে তার থেকে বেশি ধ্বংস করতে পারে।”

পশ্চিমা সামরিক জোট নেটোর তথ্যানুযায়ী, সার্বিয়ায় হামলার সময় বিমান হামলা চালিয়ে ওই অঞ্চলের ৭০ শতাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল।