উত্তর কোরিয়ায় শীর্ষ জেনারেল বরখাস্ত, যুদ্ধ প্রস্তুতির ডাক কিমের
কেন্দ্রীয় সামরিক কমিশনের এক সভায় কিম ওই যুদ্ধপ্রস্তুতি নিতে বলেন এবং উত্তর কোরিয়ার শত্রুদের মোকাবেলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করা ছাড়াও অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর মধ্য দিয়ে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার ডাক দিয়েছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার একথা জানিয়েছে। এদিন কেন্দ্রীয় সামরিক কমিশনের এক সভায় কিম ওই যুদ্ধপ্রস্তুতি নিতে বলেন এবং উত্তর কোরিয়ার শত্রুদের মোকাবেলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই শত্রুদের নাম বলা হয়নি।
কেসিএনএ’র খবরে বলা হয়, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল, চিফ অফ জেনারেল স্টাফ পাক সু কে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। পাক সু ৭ মাস এ পদে ছিলেন।
তার স্থলাভিষিক্ত করা হয়েছে জেনারেল রি ইয়াং গিলকে। তিনি এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসাবে এবং তার সেনাদের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আর্মি চিফ অব স্টাফ হিসাবেও রি দায়িত্ব পালন করেছিলেন।
২০১৬ সালে রি কে বরখাস্ত করা হয়েছিল। সে সময় তার চাকরিচ্যুত হওয়া এবং সরকারি বিভন্ন অনুষ্ঠানে তার অনুপস্থিতির কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ায় খবর ছড়িয়েছিল। তবে কয়েকমাস পর তাকে আবার দেখা যায় এবং আরেকটি ঊর্ধ্বতন পদে তার নাম ঘোষণা করা হয়।
কিম অস্ত্র উৎপাদন বাড়ানোর কথা বললেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। গতসপ্তাহে অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন কিম জং উন। সেখানে তিনি ক্ষেপণাস্ত্রে আরও ইঞ্জিন এবং আরও অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছিলেন।
কেসিএনএ জানায়, যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে তাদেরকে সর্বাধুনিক অস্ত্র ও হাতিয়ার নিয়ে মহড়া পরিচালনা করার আহ্বানও জানিয়েছেন কিম। কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম একটি মানচিত্রে সিউল এবং দক্ষিণ কোরিয়ার চারপাশের এলাকার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন।
