২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের বিরুদ্ধে বদলা কেবল শুরু, পরাস্ত করব প্রচণ্ড শক্তিতে: নেতানিয়াহু

গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৫৬০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় তিন হাজার জন আহত হয়েছেন।

হামাসের বিরুদ্ধে বদলা কেবল শুরু, পরাস্ত করব প্রচণ্ড শক্তিতে: নেতানিয়াহু

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 12:11 AM

Updated : 10 Oct 2023, 12:28 AM

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর তীব্র আক্রমণে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে শুরু করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘বদলা কেবল শুরু।’

বিবিসি জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চল সফরকালে কর্মকর্তাদেরকে নেতানিয়াহু বলেছেন, “আগামীতে হামাসকে যা দেখতে হবে তা আরও কঠিন এবং ভয়ঙ্কর হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি এবং আমরা তাদের শক্তি দিয়ে পরাজিত করব। প্রচণ্ড শক্তিতে।”

গত শনিবার ভোরে গাজা থেকে হামাসের অকস্মিক হামলায় সাতশ’র বেশি ইসরায়েলি নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারপর থেকে গত ৪৮ ঘণ্টায় গাজাকে ঝাঁজরা করে ফেলেছে ইসরায়েল।

তাদের হামলায় গাজায় অন্তত ৫৬০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় তিন হাজার জন আহত হয়েছেন বলে সোমবার জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে সড়কগুলো নষ্ট হয়ে গেছে, যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের পাহাড়, বাতাসে ধূলা আর বারুদের গন্ধ।

ইসরায়েল সোমবার নজিরবিহীন এক পদক্ষেপে তিন লাখ রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছে। গাজার বাসিন্দাদের সরেও যেতে বলেছে তারা। এতে হামাসকে পরাস্ত করতে গাজায় ইসরায়েলের স্থল হামলার পরিকল্পনার লক্ষণই প্রকাশ পাচ্ছে।

ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এর আগে আক্রমণ শানানো হবে বলে জানিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার আগে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ দেন। বন্ধ করা হয় খাবার, জ্বালানি, বিদ্যুৎ সরবরাহ সবকিছুই।

ওদিকে, পূর্ব সতর্কতা ছাড়াই ফিলিস্তিনিদের ঘরবাড়ির ওপর ইসরায়েলের নতুন করে কোনওরকম নির্বিচার বোমা হামলা চললে ইসরায়েলি জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর শুরু করা হবে বলে হুমকি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড।

হামাসের হাতে জিম্মি আছে শতাধিক ইসরায়েলি। এই জিম্মিদের পরিবার তাদের খবর পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে।