চীনে বন্দিদশার বর্ণনা দিয়ে অস্ট্রেলীয় সাংবাদিকের খোলা চিঠি
চীনের কারাগারে অন্ধকার জীবন কাটানোর অভিজ্ঞতার কথা এই চিঠিতে নিজের দেশের মানুষকে জানিয়েছেন অস্ট্রেলীয় নারী সাংবাদিক চেং লেই।
তিন বছরে একটি গাছও দেখেননি। মিস করেছেন সূর্যকে। মিস করেছেন সন্তানদেরও- চীনের কারাগারে অন্ধকার জীবন কাটানোর অভিজ্ঞতার কথা এভাবেই এক খোলা চিঠিতে নিজের দেশের মানুষকে জানিয়েছেন অস্ট্রেলীয় নারী সাংবাদিক চেং লেই।
তিনবছরের বন্দিজীবনে অস্ট্রেলিয়ায় এ চিঠি পাঠিয়ে প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। চীনের রাষ্ট্র পরিচালিত ইংরেজি ভাষার টিভি স্টেশন সিজিটিএন এর বাণিজ্যিক প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন চেং লেই।
২০২০ সালের ১৩ অগাষ্টে হঠাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা তাকে আটক করে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। প্রথম ৬ মাস লেইকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তার জন্য কোনও আইনজীবী দেওয়া হয়নি।
পরে তাকে অন্য কয়েদিদের সঙ্গে আটকে রাখা হয়। রুদ্ধদ্বার আদালতে গতবছর মার্চে তার বিচারও হয়। চীনে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকেও তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তবে মাসে মাসে তার সঙ্গে যেসব কূটনীতিক কথা বলতে পারতেন, তাদের কাছেই লেই তার অভিজ্ঞতা বর্ণনা করে এই চিঠি লিখিয়েছেন।
চেং বলেন, “আমি সূর্য মিস করি। আমার সেলের ছোট্ট জানালা দিয়ে সূর্যের আলো এসে পৌঁছায়। কিন্তু আমি বছরে মাত্র ১০ ঘণ্টা এর নিচে দাঁড়াতে পারি।”
অষ্ট্রেলিয়ায় থাকার সময়কার আনন্দময় দিনগুলো স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন লেই। অস্ট্রেলিয়ার সৈকত ও সূর্যাস্ত দেখার জন্য অধীর হয়ে আছেন বলে জানান তিনি। উল্লেখ করেন সন্তানদের জন্য মন খারাপ করার কথাও।
চীনে লেইয়ের বিচার হলেও তার সাজা ঘোষণা বার বার পিছিয়ে দেওয়া হয়েছে। তার বিচার যেখানে হয়েছে, সেই ‘বেইজিং সেকেন্ড ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট’ তার বিষয়ে বিবিসি-র প্রশ্নের কোন জবাব দেয়নি।
গুঞ্জন আছে চেং লেইয়ের সাজা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে যাতে চীন সরকার অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে কোনও বিষয় নিয়ে দরকষাকষির হাতিয়ার হিসাবে তাকে ব্যবহার করতে পারে।
গত মাসে জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিক চেং লেই-এর মুক্তির প্রসঙ্গ তুলেছিলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তা নিয়ে চীনের পক্ষ থেকে কোনও ইতিবাচক আশ্বাস আসেনি।
