২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সংক্রমণ বাড়ার মধ্যে কোভিড নজরদারি বাড়াল ভারত

ভারত সরকার দেশের সব কোভিড পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং নিশ্চিত করার জন্য রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে।

চীনে সংক্রমণ বাড়ার মধ্যে কোভিড নজরদারি বাড়াল ভারত

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 06:43 PM

Updated : 21 Dec 2022, 06:43 PM

প্রতিবেশী দেশ চীনে কোভিড সংক্রমণ বাড়তে থাকার মধ্যে এক চুলও ঢিলেমি দিতে রাজি নয় ভারত। তাই কোভিড মোকাবেলায় এখন থেকেই সতর্ক ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারত সরকার দেশের সব কোভিড পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং নিশ্চিত করার জন্য রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে।

জিনোম সিকোয়েন্সিং করা হলে এতে করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত করা সহজ হবে। ফলে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া যাবে।

আসছে বড়দিন এবং নববর্ষের উৎসবের সময় কোভিড সংক্রমণের কোনওরকম সম্ভাবনা কমানোর চেষ্টা জোরদার করতেও রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

বিবিসি জানায়, ২০২০ এবং ২১ সালে ভারত কোভিডের প্রাণঘাতী দুটো ঢেউ প্রত্যক্ষ করেছে। তবে এ বছরে সংক্রমণের মাত্রা ছিল কম।

সরকারি তথ্য অনুযায়ী, দেশটি প্রতি সপ্তাহে প্রায় ১২০০ কোভিড শনাক্তের খবর প্রকাশ করে। এ পর্যন্ত ২২০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সব কোভিড-পজিটিভ নমুনা আইএনএসএসিওজি, জিনোম সিকোয়েন্সিং ল্যাবরাটরিতে পাঠাতে বলেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন এই ল্যাবরাটরি ভারতে কোরনাভাইরাসের বিভিন্ন ধরণ নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ করে থাকে।

চীনে ‘জিরো কোভিড নীতি’ নিয়ে বিক্ষোভের মুখে সরকার বিধিনিষেধ অনেকটাই শিথিল করার মধ্যেই ফের দেশটিতে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ।

আগামী দিনগুলোতে চীনে কোভিড পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। চীনে শুধু কোভিড আক্রান্ত নয়, মৃতের সংখ্যাও বাড়ছে।

এই পরিস্থিতিতেই সুরক্ষায় কোনও ঘাটতি না রাখতে ভারত সরকার ওই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।