যুদ্ধবন্দিবাহী উড়োজাহাজ বিধ্বস্তের জন্য ইউক্রেইনকে দুষল রাশিয়া
উড়োজাহাজটি আসলেই বন্দি নাকি ক্ষেপণাস্ত্র পরিবহন করছিল, তা নিয়ে রাশিয়া এবং ইউক্রেইনের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
ইউক্রেইনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের জন্য ইউক্রেইনকে দোষারোপ করেছে রাশিয়া। তাদের ভাষ্যমতে, উড়োজাহাজটিতে ছিল রুশ বাহিনীর হাতে বন্দি হওয়া ইউক্রেইনের অন্তত ৬৫ সেনাসদস্যসহ ৭৪ জন আরোহী।
রাশিয়া বলছে, এই ইউক্রেনীয় সেনাদের বন্দিবিনিময় প্রক্রিয়া চলছিল। ইউক্রেইন ইচ্ছাকৃতভাবে উড়োজাহাজটিকে গুলি করে ভূপাতিত করেছে। একে ইউক্রেইনের ‘বর্বরোচিত সন্ত্রাসী তৎপরতা’ আখ্যা দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ইলিউশিন ১১-৭৬ সামরিক পরিবহন বিমানটিতে ৬ রুশ ক্রু সদস্য এবং তিন রুশ সেনা ছিলেন। ইউক্রেইনের সীমান্তের কাছে বেলগোরোদে সেটিকে ভূপাতিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইউক্রেইনের নেতারা খুব ভালো করেই জানতেন যে, আজ বেলগোরোদের বিমানঘাঁটিতে ইউক্রেইনীয় যুদ্ধবন্দি সেনাদের সামরিক পরিবহন বিমানে করে নিয়ে যাওয়া হবে বন্দি বিনিময়ের জন্য।
“ইতোপূর্বে করা একটি চুক্তি মোতাবেক, এই যুদ্ধবন্দি পরিবহন হওয়ার কথা ছিল বিকালে রাশিয়া-ইউক্রেইন সীমান্তের কোলোটিলভকা চেকপয়েন্টে। কিন্তু সন্ত্রাসী কাণ্ড করে ইউক্রেইনের নেতৃবৃন্দ তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। তারা তাদের নিজেদের নাগরিকদের জীবনকেই উপেক্ষা করেছে,” বলা হয় বিবৃতিতে।
স্থানীয় বেলগোরোদ চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দেখা যায়, একটি উড়োজাহাজ দ্রুত নেমে আসে এবং মাটিতে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।
রাশিয়ার পার্লামেন্ট সদস্য এবং অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই কারতাপোলভ বলেন, উড়োজাহাজটি তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছে। তবে তিনি কোথা থেকে এ তথ্য পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি।
বার্তা সংস্থা রয়টার্স বিধ্বস্ত উড়োজাহাজটিতে কারা ছিল তা নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। তাছাড়া, উড়োজাহাজটি কি পরিবহন করছিল তা নিয়ে রাশিয়া এবং ইউক্রেইনের পাল্টাপাল্টি বক্তব্যও পাওয়া যাচ্ছে।
বন্দি নাকি ক্ষেপণাস্ত্র ছিল বিধ্বস্ত রুশ সামরিক উড়োজাহাজে?
রাশিয়া এই উড়োজাহাজে অন্তত ৬৫ জন ইউক্রেইনীয় যুদ্ধবন্দিকে বিনিময়ের জন্য বেলগোরোদে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানালেও ইউক্রেইন বলছে, উড়োজাহাজটিতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল।
ইউক্রেইনের গণমাধ্যম ইউক্রেইনিয়ান প্রাভদা সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিইভের কাছে তথ্য ছিল, উড়োজাহাজে এস-৩০০ ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে। তাই উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। পরে প্রাভদা খবরটি সংশোধন করে জানায়, অন্যান্য সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, রাশিয়ার পার্লামেন্টের একজন সদস্য এবং অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই কার্তাপোলোভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “বন্দিবিনিময়ে নাশকতা করতে ইচ্ছাকৃতভাবেই উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে। ইউক্রেইনীয় অপারেটররা মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তারা নিশানায় আঘাত হানতে ভুল করতে পারে না।”
