৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় বহু হতাহত

যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবারের ওই সেনা গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে হামলার কয়েক মিনিট আগেই ওই স্থান ত্যাগ করেন।

সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় বহু হতাহত

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 09:08 AM

Updated : 06 Oct 2023, 09:08 AM

সিরিয়ার হোমস নগরের একটি সামরিক একাডেমিতে ড্রোন থেকে চালানো বোমা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। 

যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণকারী ও কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ওই একাডেমিতে সেনাদের একটি গ্রাজুয়েশন অনুষ্ঠান লক্ষ্য করে ড্রোন থেকে বোমা ফেলা হয়। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ১০০ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। সরকার ঘনিষ্ঠ একজন কর্মকর্তাও মৃতের সংখ্যা ১০০ বলে জানিয়েছেন। 

তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসাণ আল-গোবাস রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৮০, যাদের মধ্যে ছয়জন করে নারী ও শিশু রয়েছে। তবে হামলায় ২৪০ জনের আহত হওয়ার তথ্য দিয়েছেন তিনি। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হোমসের ওই স্থাপনায় ‘সন্ত্রাসীদের’ চালানো হামলায় সেনা কর্মকর্তাদের সঙ্গে অনেক বেসামরিক মানুষও মারা গেছেন। 

তবে ওই কোন সংগঠন কিংবা সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে, তা জানানো হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। 

সিরিয়ার সরকার এই হামলার জবাব দিতে ‘পূর্ণ শক্তি’ ব্যবহার করবে বলে জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার দিনভর ইদলিবের বিরোধীনিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে সিরিয়ার সরকারি বাহিনী।     

সিরিয়া এবং সরকার সমর্থক আঞ্চলিক নিরাপত্তা সূত্রগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবারের ওই সেনা গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে হামলার কয়েক মিনিট আগেই ওই স্থান ত্যাগ করেন। 

অনুষ্ঠানের সাজসজ্জার কাজে নিয়োজিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, “অনুষ্ঠান শেষে সবাই একটি খোলা মাঠে জড়ো হয়েছিল, সেখানেই হামলার ঘটনা ঘটে। মাঠে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমরা বুঝতেই পারিনি কোথা থেকে হামলা হয়।” 

একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রয়টার্সকে পাঠানো ভিডিওতে দেখা গেছে, বিশাল মাঠে রক্তে ভাসছে অনেক দেহ। তাদের মধ্যে সেনা এবং বেসামরিক পোশাকের মানুষও দেখা গেছে। তবে রয়টার্স ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।