ইউক্রেইনের থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৭, আহত ১৪৪
পুলিশ জানিয়েছে, আহত ১৪৪ জনের মধ্যে ১৫ জনই শিশু। এরমধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ইউক্রেইনের চেরনিহিভ শহরের একটি থিয়েটারে শনিবার সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বছরের এক শিশুসহ সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, আহত ১৪৪ জনের মধ্যে ১৫ জনই শিশু। এরমধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
বিবিসি জানায়, হামলার শিকার হওয়াদের মধ্যে অনেকেই গির্জায় অর্থোডক্স খ্রিস্টান ছুটির দিন উদযাপন করছিলেন। হামলায় একটি প্রধান চত্বরসহ একটি বিশ্ববিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ এ হামলাকে ‘জঘন্য’ বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সেনাদের দিয়ে এ ‘সন্ত্রাসী হামলার’ কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন।
চেরনিহিভ বেলারুশের সঙ্গেকার ইউক্রেইন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করলে প্রথম কয়েক মাসের মধ্যে এ শহরটি রাশিয়ার সেনারা অবরোধ করে ফেলে।
রুশ ক্ষেপণাস্ত্র শহরের থিয়েটারে সরাসরি আঘাত হেনেছে। এতে আশেপাশের ভবনগুলোর ছাদ থেকে টাইলস উড়ে ছিটকে পড়ে। ১০০ মিটার দূরে একটি ভবনে আগুনও ধরে যায়।
চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র বিবিসি-কে বলেছেন, থিয়েটারটি ড্রোন নির্মাতাদের একটি সমাবেশের আয়োজন করছিল। তিনি বলেন, “আমি বুঝতে পারছি যে, নাট্য থিয়েটারের ভবনে যে সামরিক অনুষ্ঠান আয়োজন চলছিল সেটিই রুশ সেনাদের লক্ষ্য ছিল।”
“তবে এটি স্পষ্ট, যে রুশ সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যারা শহরটিতে দিনে-দুপুরে ক্ষেপণাস্ত্র হামলার আদেশ দিয়েছে, তারা আগে থেকেই বুঝতে পেরেছিল যে, ক্ষতিগ্রস্তরা প্রাথমিকভাবে বেসামরিক মানুষই হবে। তাই এ হামলাকে বেসামরিক মানুষের বিরুদ্ধে রাশিয়ার আরেকটি যুদ্ধাপরাধ ছাড়া এর আর অন্য কোন ব্যাখ্যা দেওয়া যায় না।”
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী পরে বলেছেন, থিয়েটারের ভেতরে থাকা সবাই সময়মত নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পেরেছিলেন। তিনি বলেন যে “হামলার সময় যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই গাড়িতে ছিলেন বা রকেট হামলার সময় রাস্তা পার হচ্ছিলেন কিংবা গির্জা থেকে ফিরছিলেন।”
স্থানীয়রা বিবিসি-কে বলেছেন, চেরনিহিভ শহরের প্রাণকেন্দ্রটি সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় এলাকা।
