২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়াকে ‘নিরস্ত্রীকরণের’ অঙ্গীকার প্রেসিডেন্টের

পূর্ব ইউরোপের এ দেশটিতে মাত্র দুদিনের মধ্যে দু’টি নির্বিচার গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ভুচিচ এই অঙ্গীকার করেন।

সার্বিয়াকে ‘নিরস্ত্রীকরণের’ অঙ্গীকার প্রেসিডেন্টের

ছবি: রয়টার্স ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 10:55 PM

Updated : 05 May 2023, 11:19 PM

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দু’টি নির্বিচার গুলিতে হতাহতের ঘটনার পর দেশটিকে ‘প্রায় পুরোপুরি নিরস্ত্র’ করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ।

তিনি অস্ত্র নিয়ন্ত্রণে বেশকিছু নতুন কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আছে বন্দুকের মালিকদের প্রেক্ষাপট আরও ভালভাবে খতিয়ে দেখার বিষয়টিও।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে ৪২ কিলোমিটার দক্ষিণের ছোট শহর ম্লাদিনোব্যাচে বৃহস্পতিবার রাতে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত আটজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়া বন্দুকধারী অবশেষে গ্রেপ্তার হন। ৬শ’ পুলিশ কর্মকর্তা ব্যাপক তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বুধবার বেলগ্রেডের এক স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোরের নির্বিচার গুলিতে নয়জন নিহত ও সাতজন আহত হয়েছিল, পরে সেই কিশোরকে আটক করা হয়।

বিবিসি জানায়, বিশ্বে আগ্নেয়াস্ত্রের মালিকানার হার সবচেয়ে বেশি সার্বিয়ায়। প্রেসিডেন্ট ভুচিচ বলেছেন, নতুন আর কোনও বন্দুকের লাইসেন্স ইস্যু করা হবে না।

তিনি বলেন, “যাদের আগ্নেয়াস্ত্র আছে তাদের আদ্যোপান্ত আমরা আবার খতিয়ে দেখব। এ সংখ্যা প্রায় ৪ লাখ। এসব খতিয়ে দেখার পর ৩০ থেকে ৪০ হাজারের বেশি অস্ত্রের বৈধ মালিকানা আর থাকবে না।”

প্রেসিডেন্ট আরও বলেন, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার শাস্তি দ্বিগুণ করা হবে। এর সঙ্গে সঙ্গে ছুরির মতো অস্ত্র বহন করার সাজাও বাড়ানো হবে।

তাছাড়া, অস্ত্র যাদের আছে তাদেরকে ঘন ঘন মানসিক ও শারিরীক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং তাদের মাদকাসক্তি আছে কিনা সেটিও পরীক্ষা করে দেখা হবে।

প্রেসিডেন্ট ভুচিচ স্কুলগুলোতে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেছেন। বলেছেন, আগামী ৬ মাসে দেশজুড়ে স্কুলগুলোতে মোতায়েনের জন্য ১২০০ নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে।

ইউরোপের দেশগুলোর মধ্যে সার্বিয়ায় বন্দুক মালিকানার সংখ্যা সর্বোচ্চ হলেও নির্বিচার গুলির ঘটনা দেশটিতে খুবই বিরল।