২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গুলিতে আহত হওয়ার পর বেলজিয়ামের বন্দুকধারীর মৃত্যু

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের স্কাহাবেক এলাকার একটি ক্যাফেতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন ওই তিউনিসীয় সন্দেহভাজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 02:41 PM

Updated : 17 Oct 2023, 02:41 PM

বেলজিয়ামের গণমাধ্যম জানিয়েছে, ব্রাসেলসে দুই সুইডিশকে হত্যাকারী এক তিউনিসীয়কে পুলিশ গুলি করে আহত করার পর তার মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের স্কাহাবেক এলাকার একটি ক্যাফেতে পুলিশের গুলিতে আহত হন ৪৫ বছর বয়সী ওই সন্দেহভাজন। 

গণমাধ্যমের খবরে বলা হয়, বুকে গুলিবিদ্ধ ওই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। তবে তখনো সরকারিভাবে সন্দেহভাজনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়নি বলে রয়টার্স জানিয়েছে।

এর আগে বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডা জানিছিলেন, আহত ব্যক্তিকে ব্রাসেলসের বন্দুকধারী বলে সন্দেহ করা হচ্ছে।

সম্প্রচারমাধ্যম ভিআরটি-কে ভারলিন্ডা বলেছিলেন, “যে অস্ত্র দিয়ে হামলাগুলো চালানো হয়েছে সেটি স্কাহাবেকের যেখান থেকে লোকটিকে আটক করা হয়েছে সেখানে পাওয়া গেছে। তাতে অপরাধী ধরা পড়েছে বলে ধারণা আরও বিস্তৃত হয়েছে। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমরা তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করে দেখছি।”  

আহত ওই ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন বলে জানিয়েছিলেন তিনি। স্কাহাবেক এলাকাটি ব্রাসেলসের একটি শহরতলী।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ বলেছেন, “মনে হচ্ছে সন্দেহভাজন মারা গেছেন।”  

এই তিউনিসীয় বন্দুকধারী সোমবার দুই সুইডিশকে হত্যার পাশাপাশি তৃতীয় আরেক সুইডিশকে গুলিতে আহত করে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার ডি ক্রো এই ঘটনাকে নৃশংস সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। 

সোমবার রাতে বেলজিয়াম ও সুইডেনের মধ্যে একটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে ব্রাসেলসের কেন্দ্রস্থলে হামলার এ ঘটনা ঘটে।

এ হামলার পর থেকে বেলজিয়াম সর্বোচ্চ সন্ত্রাস সতর্কাবস্থা জারি করে হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছিল।   

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে সন্দেহভাজন হামলাকারী তার নাম আব্দেসালাম আল গিলানি বলে জানান এবং নিজেকে আল্লার একজন যোদ্ধা বলে দাবি করেন। তিনি নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন।

কিন্তু বেলজিয়ামের একজন ফেডারেল আইন কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের সুইডিশ নাগরিকত্বই তাদের ওপর হামলার সম্ভাব্য কারণ।

সুইডেনে কোরান পোড়ানো ও ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থকে অবমাননা করে বিভিন্ন কর্মকাণ্ডে কারণে মুসলিমরা ক্ষুব্ধ হয় আর জিহাদপন্থিদের কাছ থেকে বিভিন্ন হুমকি আসে। এরপর অগাস্টে সুইডেন তাদের সন্ত্রাস সতর্কাবস্থা বাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরে নিয়ে যায়, বিদেশে সুইডিশ স্বার্থের বিরুদ্ধে হুমকি বৃদ্ধির কথা জানিয়ে সতর্কতাও জারি করে।