ইউক্রেইন যুদ্ধ শেষ করতে আফ্রিকার নেতাদের চাপে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্টকে এই তাগাদা দিয়ে আফ্রিকান নেতারা তাকে ইউক্রেইন যুদ্ধের পরিণতি, বিশেষ করে খাবারের দাম নিয়ে আফ্রিকার গভীর উদ্বেগের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন।
আফ্রিকার নেতারা ইউক্রেইন যুদ্ধ অবসানে তাদের শান্তি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এবং কৃষ্নসাগর শস্য চুক্তি নবায়নের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিচ্ছেন।
রাশিয়ার সরাসরি সমালোচনা না করলেও মস্কোর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা সম্মেলনের দ্বিতীয় দিনে শুক্রবার পুতিনকে এই তাগাদা দিয়ে আফ্রিকান নেতারা স্পষ্টতই তাকে ইউক্রেইন যুদ্ধের পরিণতি, বিশেষ করে খাবারের দাম নিয়ে আফ্রিকার গভীর উদ্বেগের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামাত রুশ প্রেসিডেন্ট পুতিন এবং সম্মেলনের অফ্রিকান নেতাদেরকে বলেন, “এ (ইউক্রেইন) যুদ্ধ শেষ হতে হবে। কেবল ন্যায়বিচার এবং যৌক্তিকতার ভিত্তিতেই তা হতে পারে।”
“জ্বালানি এবং শস্য সরবরাহে বিঘ্নের অবসান ঘটতে হবে অবিলম্বে। বিশ্বের সব মানুষের, বিশেষ করে আফ্রিকার সুবিধার জন্য শস্য চুক্তির মেয়াদ বাড়তেই হবে,” বলেন তিনি।
কৃষ্ণ সাগর হয়ে নিরাপদে ইউক্রেইনের শস্য রপ্তানি নিশ্চিতে গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তি থেকে রাশিয়া কিছুদিন আগেই সরে গেছে। ওই চুক্তির আওতায় ইউক্রেইনের শস্য বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছিল। রাশিয়া চুক্তি থেকে সরে আসার পরই বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকে খাবারের দাম।
শুক্রবার রাশিয়া-আফ্রিকা সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মস্কোকে কৃষ্ণ সাগর শস্য চুক্তি আবার কার্যকর করার আহ্বান জানান।
ওদিকে, কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু নুয়েসো বলেন, “আফ্রিকার শান্তির উদ্যোগে নিবিড়ভাবে মনোনিবেশ করা বাঞ্ছনীয়। এই শান্তিপ্রস্তাবকে খাটো করে দেখা উচিত নয়। আমরা আবারও জরুরি ভিত্তিতে ইউরোপে শান্তি ফেরানোর আহ্বান জানাচ্ছি।”
সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল, শান্তি ফেরাতে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান। আর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, গঠনমূলক যোগাযোগ এবং আলোচনার মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটানো সম্ভব হতে পারে বলেই তিনি আশা করেন।
আফ্রিকার নেতাদের একের পর এক এমন আহ্বানের মুখে প্রেসিডেন্ট পুতিন বারবার রাশিয়ার অবস্থানের সমর্থনেই কথা বলেন এবং দোষ চাপান ইউক্রেইন ও পশ্চিমাদের ওপরে। আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, কিইভই আলোচনায় বসতে অস্বীকৃতি জানাচ্ছে।
আফ্রিকান নেতাদের ইউক্রেইন শান্তি পরিকল্পনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স গত জুনে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে এই পরিকল্পনা জানিয়ে বলা হয়েছিল, আফ্রিকা ইউক্রেইন যুদ্ধ থামাতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে।
এর মধ্যে আছে, রাশিয়ার সেনা সরিয়ে নেওয়া, বেলারুশ থেকে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়া, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা এবং নিষেধাজ্ঞা শিথিল করা।
আফ্রিকার এ শান্তি প্রস্তাব পুতিন বিনয়ের সঙ্গে গ্রহণ করলেও শীতল প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এবারের রাশিয়া-আফ্রিকা সম্মেলনে পুতিন বলেছেন, তিনি আফ্রিকার শান্তি প্রস্তাবকে সম্মান করেন। সযত্নে এটি পড়ে দেখছেন তিনি।
