Published : 10 Jul 2023, 11:59 PM
রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটকের দাবি করেছে পোল্যান্ড সরকার। এ নিয়ে মোট ১৫ জন রুশ গুপ্তচর আটক হল।
সোমবার পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ কামিনস্কি এক টুইটার পোস্টে একথা জানিয়েছেন।
পোল্যান্ড বলছে, তাদের দেশ রুশ গুপ্তচরদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। মস্কো পোল্যান্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, “পোল্যান্ডের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থা রাশিয়ার গোয়েন্দাদের হয়ে কাজ করা গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে।
“আটক রুশ গুপ্তচর সামরিক স্থাপনা ও সমুদ্রবন্দরগুলোতে নজরদারি করছিলেন। তাকে রাশিয়া নিয়মিতভাবে অর্থ দিত।”
পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাস এই গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
এর আগে গত জুন মাসে, পোল্যান্ডে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার একজন পেশাদার আইস-হকি খেলোয়াড়কে আটক করা হয়।
গত মার্চে পোল্যান্ড জানিয়েছিল,তারা রাশিয়ার একটি গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে এবং নাশকতামূলক তৎপরতা চালানোর প্রস্তুতি নেওয়ার অভিযোগে ৯ জনকে আটক করেছে।
গত মার্চে পোল্যান্ড জানিয়েছিল,তারা রাশিয়ার একটি গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে এবং নাশকতামূলক তৎপরতা চালানোর প্রস্তুতি নেওয়ার অভিযোগে ৯ জনকে আটক করেছে।
ইউক্রেইনে পশ্চিমা সামরিক সহায়তা সরবরাহের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ পোল্যান্ড। এই দেশটির মাধ্যম দিয়েই ইউক্রেইনে এ সহায়তা পৌঁছায়। একারণে পোল্যান্ড রাশিয়ার গুপ্তচরদের নিশানা হয়ে উঠছে বলে দাবি করেছে দেশটি।