১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সিজেপির কর্মসূচি: ইমরান খান ও তার প্রেমিকাকে ছেড়ে দিয়েছে পুলিশ

সিজেপি তাদের আন্দোলনে বলিউডের একাংশকে পাশে পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 04:35 PM

Updated : 11 Oct 2026, 04:35 PM

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় বলিউডের আটক অভিনেতা ইমরান খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন অভিনেতার সঙ্গে আটক হওয়া তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান।

এনডিটিভি রোববার জানিয়েছে, আটক হওয়ার কয়েক ঘণ্টা পরই মুক্তি পেয়েছে তারা তিনজন।

এদিকে আটকের অভিজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেছেন তারা।

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে শনিবার সিজেপির ডাকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান, লেখা ও জায়েন। আর মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় সিজেপি। তারা দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবি তুলেছে, পাশপাশি ভোটার তালিকার সংশোধনপ্রক্রিয়া বন্ধ করার কথাও বলেছে তারা।

সিজেপির এই আন্দোলন দিল্লি ছাড়িয়ে মুম্বাইয়ে ছড়িয়ে পড়েছে।

শনিবার বিকালে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইমরান ও তার সঙ্গীদের টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে।

মুক্তির পর ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিওতে লেখা জানিয়েছেন, তারা নিরাপদে আছেন।

ইমরান জানিয়েছেন, তাদের তিনজনকে পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়। কিন্তু কেন আটক করা হয়েছে, তা বলা জয়নি।

ওই সময় পুলিশের ভ্যানে বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন ইমরান। ক্যাপশনে লেখেন, “মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।”

এদিকে আটকের সময়ের বিভিন্ন ঘটনা ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন জায়েন। তাদের আটকের কারণ জানতে চেয়েছেন পুলিশের কাছে।

জায়েন বলেন, “আমাদের থানায় নেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন একজন পুলিশ কর্মকর্তা তাদের পথ আটকান। পুলিশের কাছে তারা তাদের আটকের কারণ জানতে চান।

“ওই সময় পুলিশ ফোনে কথা বলে যেতে থাকেন।”

সিজেপি তাদের আন্দোলনে বলিউডের একাংশকে পাশে পেয়েছে। গেল ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি। ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে নাগরিকদের সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর কথায়, মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে প্রতিবাদ করার অধিকারও অক্ষুণ্ন থাকা উচিত।

ওই সমাবেশে ছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ-দুজনই সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই দুজনের অংশগ্রহণ এই আন্দোলনকে আলোচনায় এনেছে।

সিজেপির প্রতিবাদ কর্মসূচি: অভিনেতা ইমরান খান আটক