১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সিজেপির প্রতিবাদ কর্মসূচি: অভিনেতা ইমরান খান আটক

“দুই ভীতু। সঙ্গে ৪০ হাজার দাস, লাখ লাখ সাহসী মানুষ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 09:08 PM

Updated : 10 Oct 2026, 09:14 PM

ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে সরব এবং শামিল হয়েছেন বলিউডি অভিনয় শিল্পীদের একাংশ।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির বাইরে মুম্বাইয়েও ছড়িয়ে পড়ে প্রতিবাদ। মুম্বাইয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা অভিনেতা ইমরান খান। আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক হন তিনি। প্রায় ৪০০ প্রতিবাদকারীর একজন ছিলেন এই অভিনেতা।

আটকের পর ইমরানকে কোথায় নেওয়া হয়েছে, কিংবা পরে তিনি মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে তথ্য আসেনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় সিজেপি। তারা দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবি তুলেছে, পাশপাশি ভোটার তালিকার সংশোধনপ্রক্রিয়া বন্ধ করার কথাও বলেছে তারা।

এর মধ্যে অভিনেতা প্রকাশ রাজ এই আটক অভিযানের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। এক্সে একটি ব্যঙ্গচিত্রশিল্পী সতীশ আচার্যের আঁকা এই কার্টুন শেয়ার করেছেন প্রকাশ রাজ।

এক্সে তিনি লিখেছেন, “নাগরিকরা ভিন্নমত প্রকাশ করবেন, আপনারা আর কত দিন পালাবেন?’

সিজেপির বিক্ষোভের আগে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারার গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর আটকেরও প্রতিবাদ এসেছে।

প্রকাশ রাজ বলেন, “আমাদের কণ্ঠকে আপনারা গ্রেপ্তার করেননি, নিজেদেরই গ্রেপ্তার করেছেন। গণতন্ত্রকে ধ্বংস করতে দেব না, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার লড়াই চলবে।”

প্রতিবাদীদের পক্ষে দাঁড়িয়েছেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ।

ইনস্টাগ্রামে লিখেছেন, “দুই ভীতু। সঙ্গে ৪০ হাজার দাস, লাখ লাখ সাহসী মানুষ।”

সংগীতশিল্পী বিশাল দাদলানি ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন।

তার কথায়, একজনকে রক্ষা করতে সরকার নিজের দেশের মানুষের প্রতিবাদ করার অধিকারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। বিশাল বলেন, প্রতিবাদ দমনে ২৩টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ হওয়ার কথা তিনি বলেছেন।

গেল ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি। ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে নাগরিকদের সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর কথায়, মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে প্রতিবাদ করার অধিকারও অক্ষুণ্ন থাকা উচিত।

ওই সমাবেশে ছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ-দুজনই সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই দুজনের অংশগ্রহণ এই আন্দোলনকে আলোচনায় এনেছে।

এদিকে দিল্লিতে সিজেপির সমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশি বাধায় আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন।