২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

যুক্তরাজ্য-ভিত্তিক ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ এর ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ সংবাদিককে এই হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশ সতর্ক করেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 12:02 AM

Updated : 09 Nov 2022, 02:53 PM

যুক্তরাজ্য-ভিত্তিক ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ এর ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ সংবাদিককে তাদের জীবননাশের আশঙ্কা থাকার ব্যাপারে পুলিশ সতর্ক করেছে বলে জানিয়েছে নিউজ চ্যানেলটি।

টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের মিডিয়া হাউজ ভোলান্ট মিডিয়ার একটি সহ প্রতিষ্ঠান।

ভোলান্ট মিডিয়ার পক্ষ থেকে বলা হয়, ইরানের নিরাপত্তা বাহিনী থেকে ওই দুই সাংবাদিকের উপর হুমকি বাড়ছে বলে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পেয়েছে এবং এ বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।

ইরান সরকারের পৃষ্ঠপোষকতায় ‘বিদেশে কর্মরত ইরানি সাংবাদিকদের ভয় দেখানোর যে প্রচারণা চলছে’ তার নিন্দাও করেছেন ভোলান্ট মিডিয়ার মুখপাত্র।

ভোলান্ট মিডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাদের সাংবাদিকরা যেসব হুমকি পেয়েছে তাতে তারা ‘মর্মাহত এবং গভীরভাবে উদ্বিগ্ন’।

বিবিসি জানায়, তারা ইরানের নিরাপত্তা বাহিনী বলতে দেশটির অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কথা বলেছে। যে বাহিনী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ।

বিবৃতিতে বলা হয়, ‘‘মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিকভাবে উভয় সাংবাদিককে তাদের এবং তাদের পরিবারের উপর জীবননাশের আসন্ন হুমকিকে বিশ্বাসযোগ্য এবং উল্লেখযোগ্য বলে অবহিত করেছে। আমাদের অন্যান্য কর্মীদেরও পৃথক হুমকির বিষয়ে পুলিশের পক্ষ থেকে সরাসরি সতর্ক করা হয়েছে।

‘‘লন্ডনে মুক্ত এবং স্বাধীনভাবে কাজ করে যাওয়া ফার্সি ভাষার একটি সংবাদমাধ্যমের কাজ সম্পর্কে আইআরজিসি এবং ইরান সরকারের কাছ থেকে কয়েক সপ্তাহ ধরে হুঁশিয়ারি আসার পর এখন যুক্তরাজ্যর মাটিতে যুক্তরাজ্যের নাগরিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

এ অভিযোগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি বলে জানায় বিবিসি।

তবে ইরান সরকার গত মাসে ইরান ইন্টারন্যাশনাল এবং বিবিসি নিউজ পার্সিয়ান এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

ইরান সরকারের অভিযোগ, এই দুটি সংবাদমাধ্যম গত দুই মাস ধরে সরকারের বিরুদ্ধে ইরানে যে বিক্ষোভ চলছে তার খবর এমনভাবে উপস্থাপন করছে যা ‘দাঙ্গায় উসকানিমূলক’ এবং ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে’।

নিষিদ্ধ করা হলেও ওই দুই সংবাদ মাধ্যমই ইরানে দেশের বিষয়ে নিরপেক্ষ সংবাদ পাওয়ার প্রধান উৎস বলে জানায় একটি প্রেস ফ্রিডম ওয়াচডগ।

ইরানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই। সেখানে সংবাদমাধ্যম সংবাদকর্মীদের প্রচণ্ড চাপে থাকতে হয়।