১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চীনা পর্যটকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে নতুন থাই সরকার

নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল দেশের অর্থনীতিতে গতি ফেরানো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 11:06 AM

Updated : 28 Jan 2024, 11:06 AM

অর্থনীতি চাঙ্গা করতে চীনা পর্যটকদের ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির নতুন প্রধানমন্ত্রী সেঠা থাভাইসিনের সরকার। পাশাপাশি ডিজেলের কর মওকুফ এবং দেশের কৃষকদের ঋণ পরিশোধও স্থগিত করা হয়েছে।

থাই সরকার বুধবার নতুন সব পদক্ষেপ অনুমোদন করেছে। দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে থাইল্যান্ডের রপ্তানি ও বিনিয়োগ কমে অর্থনীতি যথন নিম্নমুখী, সেই সময়ে গত অগাস্টের শেষ দিকে ক্ষমতায় এসেছেন সেঠা থাভাইসিন।

তার নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল দেশের অর্থনীতিতে গতি ফেরানো। প্রধানমন্ত্রী থাভাইসিন সাংবাদিকদের বলেছেন, সরকার আগামী ২০ সেপ্টেম্বর থেকে ডিজেলে প্রতি লিটারে আড়াই বাথ কর মওকুফ করবে। কমানো হবে বিদ্যুতের দামও।

তাছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ চীন ও কাজাখস্তানের পর্যটকরা বিনা ভিসায় থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। 

থাই প্রধানমন্ত্রী বলেন, কী ফল হয় তা দেখার জন্য সাময়িকভাবে এসব সুবিধা দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য নিরাপত্তা থেকে শুরু করে সব বিভাগের সঙ্গেই আলোচনা হয়েছে।

কোভিড মহামারীর আগে থাইল্যান্ডে পর্যটকদের ২৮ শতাংশই ছিল চীনা। প্রধানমন্ত্রী থাভাইসিন জানান, কাজাখস্তানের নাগরিকদেরও থাইল্যান্ড ভ্রমণের আগ্রহ বাড়ছে।

সংবাদসূত্র: রয়টার্স।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)