১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার নৌবাহিনীর গুরুত্বপূর্ণ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেইনের

ক্রাইমিয়ার ফিয়াদোসিয়া বন্দরে ইউক্রেইনীয় হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা উপদ্বীপটির গভর্নর এমনটি জানিয়েছেন।

রাশিয়ার নৌবাহিনীর গুরুত্বপূর্ণ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেইনের

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 02:50 PM

Updated : 26 Dec 2023, 02:50 PM

ক্রাইমিয়ার জলসীমায় নোঙর করে থাকা রাশিয়ার নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেইনের বিমান বাহিনী।

ক্রাইমিয়ার ফিয়াদোসিয়া বন্দরে ইউক্রেইনীয় হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা উপদ্বীপটির গভর্নর মঙ্গলবার এমনটি জানানোর পর ইউক্রেইনীয় বিমান বাহিনী এ দাবি জানায়। 

ইউক্রেইনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক কোনো প্রমাণ না দিয়ে টেলিগ্রাম অ্যাপে বলেন, “আর রাশিয়ার নৌবহর ছোট থেকে আরও ছোট হচ্ছে! বিমান বাহিনীর পাইলট ও এই নিখুঁত কাজের সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ!”   

পৃথক আরেকটি বিবৃতিতে ইউক্রেইনের বিমান বাহিনীও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে যে, তাদের পাইলটরা মঙ্গলবার স্থানীয় সময় দুপুররাত আড়াইটার দিকে ফিয়াদোসিয়া বন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের সেনা ও যুদ্ধ সরঞ্জাম বহনকারী জাহাজ নভোচেরকাস্ক ধ্বংস করে দিয়েছে।  

জাহাজ ধ্বংসের ইউক্রেইনীয় এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে রশিয়া কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সও স্বতন্ত্রভাবে কিইভের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। কথিত এই হামলায় ইউক্রেইন কী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং সেগুলোর কতটি ব্যবহার করেছে তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

ইউক্রেইনের বিমান বাহিনী এসব দাবি জানানোর আগে একইদিন ক্রাইমিয়ার গভর্নর সের্জেই আক্সাইওনোভ জানান, ইউক্রেইনের হামলায় ফিয়াদোসিয়া শহরের বন্দর এলাকায় আগুন ধরে যায় আর দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়।

টেলিগ্রাম অ্যাপে তিনি বলেন, “প্রাসঙ্গিক সব জরুরি সেবা ঘটনাস্থলে আছে। বন্দর এলাকার বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।” 

এক বিবৃতিতে ক্রাইমিয়ার প্রশাসন জানিয়েছে, ‘প্রযুক্তিগত কারণে’ আপাতত ফিয়াদোসিয়া থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না এবং রাস্তায় যান চলাচলা আংশিক বন্ধ থাকবে। 

টেলিগ্রামে রাশিয়ার সংবাদ মাধ্যমের পোস্ট করা ভিডিও ফুটেজে বন্দর এলাকায় শক্তিশালী কয়েকটি বিস্ফোরণ ও আগুন দেখা গেছে।  

৬৯ হাজার বাসিন্দার শহর ফিয়াদোসিয়ার অবস্থান ক্রাইমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে।