২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘ভলোদিমির’ কে মুখ ফস্কে ‘ভ্লাদিমির’ বললেন বাইডেন

বাইডেন এর আগেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন নিয়ে মুখ ফসকে নানা ভুল কথা বলেছেন। গত বছর এক ভাষণে ভুল করে ইউক্রেইনীয়দেরকে ‘ইরানি’ বলেছিলেন তিনি।

এবার  ‘ভলোদিমির’ কে মুখ ফস্কে ‘ভ্লাদিমির’ বললেন বাইডেন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 04:22 PM

Updated : 14 Jul 2023, 08:07 PM

মুখ ফস্কে প্রায়ই ভুল করে ফেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছরের শুরুর দিকে একবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মুখ ফস্কে ফার্স্ট লেডি বলেছিলেন তিনি।

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম গুলিয়ে ফেললেন জো বাইডেন।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকা জানায়, লিথুয়ানিয়ায় নেটো জোটের দেশগুলোর সম্মেলনে ‘ভলোদিমির’ বলতে গিয়ে ভ্লাদিমির বলে ফেলেছেন তিনি। তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পেরে ইউক্রেইনের প্রেসিডেন্টকে পরে জ়েলেনস্কি বলেই সম্বোধন করে গেছেন বাইডেন।

গত বুধবার সম্মেলনের পর সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “ভ্লাদিমির আর আমি ততটা সুপরিচিত হওয়ার কথা না।” এরপর ভুল বুঝতে পেরে পরের বাক্যেই বাইডেন বলেন, “জ়েলেনস্কি আর আমার মধ্যে অঙ্গীকারের কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, যেটা আমরা করতে পারতাম সেই সময়ের মধ্যেই, যখন আমি ইউক্রেইনে ছিলাম এবং আমরা অন্যান্য জায়গায় সাক্ষাৎ করেছিলাম।”

‘ভলোদিমির’ আর ‘ভ্লাদিমির’ আদতে একই নামের ভিন্ন রূপ। দুটো শব্দেরই মানে এক। তা হচ্ছে- ‘বিশ্বের শাসক’ কিংবা ‘শান্তিপ্রিয় শাসক’। যদিও এর ‘ভলোদিমির’ সংস্করণটিই ইউক্রেইনে ব্যবহার হয় বেশি।

বাইডেন এর আগেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন নিয়ে মুখ ফসকে নানা ভুল কথা বলেছেন। ২০২২ সালের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বাইডেন ভুল করে ইউক্রেইনীয়দেরকে ‘ইরানি’ বলে ফেলেছিলেন।

আবার ওই বছরেই ইউক্রেইন যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন জায়গার নাম ভুল করেছিলেন। বলেছিলেন, রুশ সেনারা ‘ফাল্লুজা’ থেকে সরে যাচ্ছে- যে জায়গাটি আদতে ছিল ইরাকের যুদ্ধক্ষেত্র।

ইউক্রেইনের ‘খেরসন’ নগরীর কথা বলতে গিয়ে ‘ফাল্লুজা’ বলে ফেলেছিলেন তিনি। এমনকী অতিসম্প্রতি গত মাসে বাইডেন ১২ ঘন্টার মধ্যে দুইবার ইরাক আর ইউক্রেইন যুদ্ধকে গুলিয়ে ফেলেছেন।

হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেছিলেন, “(পুতিন) স্পষ্টতই ইরাকে যুদ্ধে হেরে যাচ্ছেন।” তার আগের রাতেই তিনি অন্য একটি কথা প্রসঙ্গে ইউক্রেইনের কথা বলতে গিয়ে ইরাক বলে ফেলেছিলেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার বয়স এবং স্মৃতিশক্তি নিয়ে নানা প্রশ্ন থাকার পরও তিনি ২০২৪ সালের নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন গত এপ্রিলে। তিনি আবার নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদের শেষেই তার বয়স হয়ে যাবে ৮৬ বছর।

বুধবার ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বাইডেন যে ভুল করেছেন তা স্যোশাল মিডিয়ায় আলোচিত হয়েছে। কেউ কেউ লিখেছেন, “এই বুড়ো মানুষটার এ বার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে।”