২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে ‘নতুন গাজা’ চায় ইসরায়েল

গাজায় এমন একটি শাসনব্যবস্থা ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে ভবিষ্যতে আর এই অঞ্চল নিয়ে তাদের মাথা ঘামাতে না হয়। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 11:12 AM

Updated : 21 Oct 2023, 11:12 AM

গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে তিন ধাপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইহুদী রাষ্ট্র ইসরায়েল। আর এই পরিকল্পনার শেষ ধাপে গাজায় একটি ‘নতুন শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠার পকিল্পনা রয়েছে। 

অর্থাৎ, গাজায় এমন একটি শাসনব্যবস্থা ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে ভবিষ্যতে আর এই অঞ্চল নিয়ে তাদের মাথা ঘামাতে না হয়। 

২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহারের পর ২০০৭ সালে হামাসের ক্ষমতা দখলের পরপরই ছোট ভূখণ্ডটিতে জল-স্থল-আকাশপথে অবরোধ আরোপ করে ইসরায়েল। 

তবে অবরুদ্ধ এলাকাটিতে সব ধরনের জরুরি সেবা এবং পণ্য আমদানির বিষয়টি নিয়ন্ত্রণ করছিল ইসরায়েল।

কিন্তু দুই সপ্তাহ আগে হামাসের আকস্মিক হামলায় ১৪শ মানুষের প্রাণহানির পর গাজায় পাল্টা আক্রমণে যাওয়া ইসরায়েল সেখানে পুরোপুরি অবরোধ আরোপ করলে পরিস্থিতি সঙ্কটময় হয়ে ওঠে।

তখন থেকে ইসরায়েলের ক্রমাগত ব্মিান হামলায় এ পর্যন্ত গাজায় চার হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি স্থল অভিযানের জন্য সেনাও জড়ো করেছে ইসরায়েল।

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট ‘তিন ধাপের’ রণকৌশল ঠিক করেছেন, যার মাধ্যমে গাজার সরকার এবং সামরিক সক্ষমতা ধ্বংস করে হামাসকে নির্মূল করা হবে।

গত শুক্রবার তিনি দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটিকে জানান, চলমান প্রাথমিক ধাপে ফিলিস্তিন ভূখণ্ডজুড়ে টানা অভিযান চালিয়ে ‘সন্ত্রাসীদের নিষ্ক্রয় এবং হামাসের অবকাঠামোগুলো ধ্বংস’ করা হবে।

 তিনি জানান এরপর কম শক্তিতে অভিযান চালিয়ে ছোটখাটো প্রতিরোধগুলো অপসারণ করা হবে। 

তার ভাষ্যে চূড়ান্ত ধাপে গাজায় এমন একটি  নতুন ‘নিরাপত্তা ব্যবস্থা’ গড়ে তোলা হবে, যেখানে ইসরায়েলের আর কোনো দায়িত্ব থাকবে না।

“সামরিক এই অভিযানের মাধ্যমে ইসরায়েলের নাগরিকদের জন্য নতুন এক ধরনের নিরাপত্তা বাস্তবতা এনে দেবে।”

এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে নামার পর গত সপ্তাহে ইসরায়েল সেখানকার ১০ লাখের বেশি বাসিন্দাকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়।

ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, এর মধ্যে দিয়ে ইসরায়েল সেখানকার বাসিন্দাদেরকে গণহারে বাস্তুচ্যুত করছে।

অন্যদিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকা গাজার লাখ লাখ বাসিন্দা মিশর সীমান্ত সংলগ্ন দক্ষিণের রাফাহ ক্রসিংয়ে কঠোর নজরদারিতে পড়েছে।  

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলে দিয়েছেন, কোনোভাবেই গাজার শরণার্থীদেরকে তার দেশে ঢুকতে দেওয়া হবে না।

সবমিলিয়ে জরুরি সেবাবঞ্চিত গাজার বাসিন্দারা চরম অমানবিক পরিস্থিতিতে পড়েছেন।