২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ: মাক্রোঁ

রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেইনে সেনা পাঠানোর সম্ভাবনাও নাকচ করেননি ফ্রান্সের প্রেসিডেন্ট।

রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ: মাক্রোঁ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 05:50 PM

Updated : 28 Feb 2024, 12:35 AM

ইউক্রেইনে রাশিয়াকে পরাজিত করা ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। কিইভের কাছ থেকে আরও অস্ত্র সাহায্যের জন্য জরুরি আবেদন আসার মধ্যে মাক্রোঁ একথা বললেন।

বিবিসি জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বক্তব্যে তিনি বলেছেন, ইউক্রেইনে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমা সরবরাহ করতে একটি জোট গঠনে রাজি হয়েছেন ইউরোপীয় নেতারা। তবে ইউক্রেইনে সেনা পাঠানোর বিষয়ে কোনও মতৈক্য হয়নি।

কিন্তু তাই বলে সেনা পাঠানোর বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না উল্লেখ করে মাক্রোঁ বলেন, “রাশিয়া যাতে জিততে না পারে, সেজন্য যা যা করা দরকার সবই আমরা করব।”

সোমবার ইউক্রেইনের সমর্থনে প্যারিসে জরুরি বৈঠকে সমবেত হয়েছিলেন ২০টি ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, “আমরা এ ব্যাপারে নিশ্চিত যে, রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।”

রাশিয়াকে একমাত্র আগ্রাসী দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা রাশিয়ার জনগণের সঙ্গে যুদ্ধে নেই। আমরা কেবল রাশিয়াকে যুদ্ধে জিততে দিতে চাই না।”

ইউরোপীয় নেতাদের জোট ইউক্রেইনকে আরও গভীর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র এবং বোমা দেবে বলে মাক্রোঁ উল্লেখ করেন। তবে এইসব অস্ত্র কখন সরবরাহ করা হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।