ভারতের গুজরাটে ‘দূষিত আয়ুর্বেদিক’ সিরাপ খেয়ে ৫ মৃত্যু
গ্রামের এক দোকানদার ‘কালমেঘাসব- আসব অরিষ্ট’ নামের আয়ুর্বেদিক সিরাপটি বিক্রি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ভারতের গুজরাট রাজ্যে মিথাইল অ্যালকোহল যুক্ত দূষিত আয়ুর্বেদিক সিরাপ খেয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত দুই দিনে একই সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়া আরও দুইজন হাসপাতালে ভর্তি আছেন বলে পুলিশ জানিয়েছে।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের খেদা জেলার নাদিয়াদ শহরের নিকটবর্তী বিলোদরা গ্রামের এক দোকানদার প্রায় ৫০ জনের কাছে ‘কালমেঘাসব- আসব অরিষ্ট’ নামের আয়ুর্বেদিক সিরাপটি বিক্রি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, “বিক্রির আগে সিরাপটিতে মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল, এক গ্রামবাসীর রক্ত পরীক্ষার রিপোর্টে এটি নিশ্চিত হয়েছে।
“গত দুই দিনে এই সিরাপ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন হাসপাতালে ভর্তি আছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওই দোকানদারসহ তিনজনকে আটক করেছি।”
মিথাইল অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ।
