২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগ

তবে একজন উত্তরসূরি খুঁজে পেতে সরকারকে সময় দেওয়ার জন্য জুনের শেষ পর্যন্ত এই পদে থাকার অনুরোধে রাজি হয়েছেন শার্প।

বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 06:07 PM

Updated : 29 Apr 2023, 03:48 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ঋণের ব্যবস্থা করায় শার্পের সম্পৃক্ততা এবং তা গোপন করে সরকারি নিয়োগবিধি ভঙ্গের বিষয়টি স্বাধীন এক তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর শুক্রবার তিনি পদত্যাগ করলেন।

তবে একজন উত্তরসূরি খুঁজে পেতে সরকারকে সময় দেওয়ার জন্য জুনের শেষ পর্যন্ত এই পদে থাকার অনুরোধে রাজি হয়েছেন শার্প।

২০২১ সালের ফেব্রুয়ারিতে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শার্প। কী পরিস্থিতিতে এবং কীভাবে সরকার শার্পকে এ পদের জন্য বেছে নিয়েছিল এবং জনসনকে ঋণ পাইয়ে দিতে তার কী ভূমিকা ছিল, সরকারি নিয়োগ সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থার তদন্তে সেটিই খতিয়ে দেখা হয়েছে।

বিবিসি জানায়, ‘কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টস’ এর তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, বিবিসি’র চেয়ারম্যান পদে আবেদন করার প্রক্রিয়ায় শার্প তার স্বার্থ সংশ্লিষ্ট দুটো বিষয় বিবিসি চেয়ারম্যান নির্বাচনী প্যানেলের কাছে প্রকাশ করেননি।

একাজ করে তিনি সরকারি নিয়োগের ক্ষেত্রে শাসনতান্ত্রিক বিধি ভঙ্গ করেছেন। যদিও এতে বিবিসি’র চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অবৈধ বা অকার্যকর হয়ে যায় না।

শার্পের গোপন করা দুটো বিষয়ের একটি হচ্ছে- তিনি ২০২০ সালে বিবিসি বোর্ডের চেয়ারম্যান পদে আবেদন করার আগেই যে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে এ পদে তার আবেদনের ইচ্ছার কথা জানিয়েছিলেন সেকথা তিনি চেপে গেছেন।

আর অপর বিষয়টি হচ্ছে- বিবিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড ঋণ পাইয়ে দিতে সাহায্য করার বিষয়টি জানাননি শার্প।

মূলত ওই ঋণের ব্যবস্থা হওয়ার পরই দ্রুত বিবিসি-র চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন শার্প। বিবিসি যখন কোনও চেয়ারম্যান নিয়োগ করে, তখন কে ওই পদে বসবেন সে সিদ্ধান্ত আদতে নিয়ে থাকেন প্রধানমন্ত্রী।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে শার্প বলেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে সকালেই তিনি পদত্যাগ করেছেন। চার বছর মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্বে থাকলে সম্প্রচারমাধ্যমটি ভালোভাবে কাজ করতে পারবে না বলেই মনে করেন তিনি।