২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩ জনই প্রকৌশলী, একজনের আছে পিএইচডি

একজনের বিষয়ে তথ্য দেওয়ার জন্য গত মাসে তিন লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 01:08 PM

Updated : 21 Oct 2023, 01:08 PM

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে ভারতের দিল্লি ও উত্তর প্রদেশ থেকে সোমবার গ্রেপ্তার তিন তরুণের সবাই প্রকৌশলী এবং বোমা তৈরিতে বিশেষজ্ঞ বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

তাদের মধ্যে একজন মোহাম্মদ শাহনওয়াজ, যিনি এনআইএ-র ‘মোস্ট ওয়ানটেড’ তালিকায় ছিলেন এবং তার বিষয়ে তথ্য দেওয়ার জন্য গত মাসে এনআইএ তিন লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।

বাকি দুইজন শাহনওয়াজের সহযোগী মোহাম্মদ রিজওয়ান আশরাফ এবং মোহাম্মদ আরশাদ ওয়ার্সি। শাহনওয়াজকে দিল্লি থেকে এবং বাকি দুইজনকে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ ও মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। তারা আইএসআইএস-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তথ্য বিনিময় করতেন বলেও দিল্লি পুলিশের ভাষ্য।

ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগে বড় হওয়া শাহনওয়াজ মাইনিং ইঞ্জিনিয়ার। খনিতে বিস্ফোরণ ঘটানোর বিষয়ে তিনি বিশেষজ্ঞ। তার স্ত্রী হিন্দু থেকে মুসলমান হয়েছেন এবং বর্তমানে পলাতক।

আরশাদ ওয়ার্সিও ঝাড়খণ্ড থেকে এসেছেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে বিটেক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) করছেন এবং এখন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন।

আর রিজওয়ান আশরাফ কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। তিনি উত্তর প্রদেশের আজমগড় থেকে এসেছেন। সংবাদসূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)