লিবিয়ায় মানুষের মৃত্যু এড়ানো যেত: জাতিসংঘ
এই দুর্যোগে ১৮ হাজার থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে দেরনার মেয়রের ধারণা।
লিবিয়ায় বন্যায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার বেশিরভাগই এড়ানো যেত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংগঠনের প্রধান পিটেরি তালাস।
সাংবাদিকদের তিনি বলেছেন, দেশটি সতর্কবার্তা জারি করতে পারত। জরুরি ব্যবস্থাপনা বাহিনী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারত। এভাবে বেশিরভাগ মানুষের মৃত্যুই ঠেকানো যেত।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দেরনার মেয়রের ধারণা, এই দুর্যোগে ১৮ হাজার থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।
লিবিয়ার দুই অংশে দুই প্রতিদ্বন্দ্বী সরকার ব্যবস্থা থাকার কারণে দুর্যোগে দ্রুত এবং সমন্বিতভাবে কাজ করা কঠিন। দেশটিতে ঘূর্ণিঝড় ড্যানিয়েল আসার সময় দুই সরকার ভিন্ন ভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ঘোষণা করে।
ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে বাঁধ ভেঙে বন্যায় বিপর্যয় ঘটেছে লিবিয়ায়। দুই সরকারের জারি করা মিশ্র বার্তার ফলে বহু মানুষই জানত না তারা ঘরে থাকবে নাকি অন্য কোথাও সরে যাবে।
ম্যানচেস্টার প্রবাসী লিবীয় নাগরিক বিবিসিকে বলেছেন, ঝড়কে কেউ গুরুত্ব দেয়নি। বেনগাজিতে থাকা তার পরিবার ঝড়ের সময় সরে যাচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে বলেছিল, তারা ‘মিশ্র বার্তা’ পাচ্ছে। কিছু বার্তায় বলা হচ্ছিল ঘরে থাকতে, আবার কিছু বার্তায় সরে যেতে বলা হচ্ছিল। দেরনা নগরীতেও একই ব্যাপার ঘটেছে বলে মনে করেন ওই লিবীয়।
প্রবল বৃষ্টিতে দেরনা নগরীর দুটো বাঁধ ভেঙে একসঙ্গে ১৫ লাখ টনের বেশি পানি প্রবল বেগে বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কোথাও কোথাও পানি ১০ ফুট উঁচ্চতায় পৌঁছে গিয়েছিল। আর বাঁধও অতটা শক্ত ছিল না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
