লেবাননে ইসরায়েলের হামলায় শিশুসহ ১১ বেসামরিক নিহত
লেবানন থেকে ছোড়া রকেটে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার জবাব দিতে এই হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী দুইটি গ্রামে বুধবার ইসরায়েলের বিমান হামলায় ছয় শিশুসহ ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
একটি হাসাপাতালের পরিচালক এবং লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
এদিকে, ইসরায়েল বলেছে, তারা হিজবুল্লাহর একটি রকেট হামলার জবাব দিয়েছে। ওই রকেট হামলায় তাদের এক সেনা নিহত হয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়া পর থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় চলছে।
লেবাননের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেন, বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলের একটি বিমান হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছে।
নাবাতিয়েহ তে একটি ভবনে হামলায় আরো চার শিশু, তিন নারী ও একজন পুরুষ প্রাণ হারান বলে জানান ছোট্ট ওই শহরটির হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি। এ হামলায় আরো সাত জন আহত হন।
ইসরায়েলের হামলায় চার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দলটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
হিজবুল্লাহ বুধবার কোনো হামলার ঘোষণা দেয়নি। তবে বলেছে, লেবাননে ইসরায়েলের এই হামলার জবাব ‘অবশ্যই দেওয়া হবে’।
ইসরায়েল সরকারের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বুধবার সকালে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় এক সেনা নিহত এবং আটজন আহত হয়েছেন। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
