২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেট স্কিতে চেপে পালানো চীনা মানবাধিকারকর্মী দক্ষিণ কোরিয়ায় গ্রেপ্তার

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই ব্যক্তির নাম কওন পিয়ং উল্লেখ করা হয়েছে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচক হিসেবে পরিচিত।

জেট স্কিতে চেপে পালানো চীনা মানবাধিকারকর্মী দক্ষিণ কোরিয়ায় গ্রেপ্তার

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 06:58 PM

Updated : 23 Aug 2023, 06:58 PM

জেট স্কিতে চেপে পালিয়ে যাওয়া এক চীনা অধিকার কর্মী দক্ষিণ কোরিয়ায় গ্রেপ্তার হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা জানায়, ওই ব্যক্তি বাইনোকুলার ও কম্পাস নিয়ে পীতসাগরে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দেওয়ার পর আটকে পড়েন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে তার নাম কওন পিয়ং (৩৫) উল্লেখ করা হয়েছে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচক হিসেবে পরিচিত।

তবে তার পরিচয় নির্ভরযোগ্য কোনও মাধ্যমে যাচাই করতে পারেনি বিবিসি। সিউলের চীনা দূতাবাসও তার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সম্প্রতি কয়েক বছরে চীনা মানবাধিকারকর্মীদের বিদেশে যাওয়া ঠেকাতে বিমানবন্দরসহ সীমান্ত-পারাপার এলাকাগুলোয় কড়াকড়ি আরোপ করেছে বেইজিং।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেইজিংপন্থি অনেক দেশই এখন আর অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দিতে চায় না। ফলে চীন থেকে ভিন্নমতাবলম্বীদের যারা পালিয়ে যেতে চান তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

গত মাসে চীনের মানবাধিকার বিষয়ক আইনজীবী লু সিওয়েইকে লাওসে আটক করা হয়। পরে তাকে চীনে ফেরত পাঠানো হয়।

নিয়মিত ভ্রমণপথগুলোয় কড়াকড়ি থাকার কারণে সম্ভবত চীনা নাগরিকদের অনেকেই এখন জেট স্কিতে করে সাগরপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড বলছে, পালিয়ে যাওয়া ওই মানবাধিকারকর্মী একটি লাইফজ্যাকেট ও একটি হেলমেট পরে ছিলেন। ১৮০০ সিসির ওই জেট স্কির পেছনে শ্যাংডন প্রদেশ থেকে পাঁচ ব্যারেল জ্বালানি নিয়ে তিনি রওনা হয়েছিলেন।

 পথে তিনি প্রয়োজন অনুযায়ী জ্বালানি ভরে খালি ব্যারেলগুলো সাগরে ফেলে দেন। পশ্চিমাঞ্চলীয় ইনচিওন বন্দরের একটি ক্রুজ টার্মিনালের কাছে সমস্যায় পড়ে সাহায্যের আবেদন জানান এই চীনা নাগরিক।

কোস্টগার্ড তার পরিচয় নিশ্চিত হতে পারেনি। তারা বলছে, অবৈধভাবে ওই শহরে প্রবেশের চেষ্টা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে না।

অলাভজনক প্রতিষ্ঠান ডায়ালগ চায়নার দক্ষিণ কোরিয়ার সদস্য লি দায়ে-সেয়ন মঙ্গলবার বলেন, কওন পালিয়ে এসেছেন।

প্রকাশ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করায় চীনে কারাবন্দি ছিলেন কওন। আশ্রয় চাওয়ার জন্য অন্য দেশে যাওয়ার প্রচলিত ভ্রমণপথ ব্যবহারে তিনি সমস্যায় পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞাও থেকে থাকতে পারে। যার কারণে তিনি হয়ত বৈধভাবে চীন ছাড়তে পারেননি।

ডায়ালগ চায়নার দক্ষিণ কোরিয়ার সদস্য লি মনে করেন, আইন ভেঙে যেভাবে কুওন দক্ষিণ কোরিয়া ঢুকেছেন তা ঠিক নয়। কিন্তু কওনের ওপর ২০১৬ সাল থেকেই চীন কর্তৃপক্ষের নজরদারি ও রাজনৈতিক নিপীড়নের কারণেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান।

লি জানান, শরণার্থীর মর্যাদা পেতে দক্ষিণ কোরিয়ায়, নাকি অন্য কোনও দেশে আবেদন করবেন, তা নিয়ে ভাবছেন কওন। দক্ষিণ কোরিয়া প্রতিবছর এমন হাতে গোনা কয়েকটি আবেদন মঞ্জুর করে থাকে।